মাদক প্রতিরোধে প্রশাসন ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করার আহ্বান

হোম » পিরোজপুর » মাদক প্রতিরোধে প্রশাসন ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করার আহ্বান
রবিবার ● ১ নভেম্বর ২০২৬


মাদক প্রতিরোধে প্রশাসন ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করার আহ্বানসাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও সাইবার অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও নাগরিক সমাজকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী।

 

রবিবার (১ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে পরিচিতি ও পর্যালোচনা সভায় তিনি এ আহ্বান জানান। ‘মাদকাসক্তি প্রতিরোধে জেগে উঠুক, এখনই’ স্লোগান সামনে রেখে আয়োজিত সভায় মাদকবিরোধী সামাজিক কার্যক্রম জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

 

জেলা প্রশাসক বলেন, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে তৃণমূল পর্যায় থেকে সচেতনতা গড়ে তুলতে হবে। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি সহযোগিতা এবং সম্ভবপর লজিস্টিক সহায়তা দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

 

সভায় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে মাদক প্রতিরোধ কমিটি গঠন, শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কমিটি তৈরি, লিফলেট বিতরণ ও প্রচার কার্যক্রম পরিচালনার প্রস্তাব তুলে ধরা হয়। পাশাপাশি মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনে নিরাময়কেন্দ্রের ব্যবস্থা, মাদকবিরোধী কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনি সহায়তা এবং কমিটির সক্রিয় সদস্যদের উৎসাহিত করতে পুরস্কার প্রদানের বিষয়েও আলোচনা হয়।

 

এ ছাড়া জেলার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন সামাজিক সমস্যা ও অপরাধের নেতিবাচক প্রভাব এবং উন্নয়নের প্রতিবন্ধকতা দূর করতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীসমাজের পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

 

‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’-এর আহ্বায়ক, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখারুল ইসলাম শামীম, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার, জেলা তথ্য কর্মকর্তা সাইফুল্লাহ আল মাদানী এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নজরুল ইসলাম।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলম, সাবেক উপাধ্যক্ষ মো. লুৎফর রহমান, দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের জেলা সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান, সাংবাদিক জুবায়ের আল মামুন, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি ও পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য হাসান মামুন, সাংবাদিক অমিত বিশ্বাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৯:৪৯:৫৮ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ