সৌদি-কাতার-আমিরাতসহ উপসাগরীয় দেশগুলো থেকে সাড়ে ২১ হাজার পাকিস্তানি বহিষ্কার

হোম » বিশ্ব » সৌদি-কাতার-আমিরাতসহ উপসাগরীয় দেশগুলো থেকে সাড়ে ২১ হাজার পাকিস্তানি বহিষ্কার
শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬


 

সৌদি-কাতার-আমিরাতসহ উপসাগরীয় দেশগুলো থেকে সাড়ে ২১ হাজার পাকিস্তানি বহিষ্কার

সাগরকন্যা ইন্টারন্যাশনাল ডেস্ক

 

চলতি বছরের ১ মার্চ থেকে ১৩ জুলাই পর্যন্ত বিভিন্ন অভিযোগে উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ জন পাকিস্তানিকে বহিষ্কার করা হয়েছে। অতিরিক্ত সময় অবস্থান, ভিক্ষাবৃত্তি, অবৈধ প্রবেশ, মাদক, আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান, জাল কাগজপত্র ও নিরাপত্তাজনিত কারণসহ বিভিন্ন অভিযোগে তাদের পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে। খবর ডনের।

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) পাকিস্তানের জাতীয় পরিষদের প্রশ্নোত্তর পর্বে এমএনএ হামিদ হোসাইনের উত্থাপিত প্রশ্নের লিখিত জবাবে দেশটির মাদক নিয়ন্ত্রণ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

 

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বহিষ্কৃতদের মধ্যে ৪ হাজার ৬২৮ জন পলাতক এবং ১ হাজার ২৯৪ জন কারাবন্দী ছিলেন। এ ছাড়া ৯৬৮ জন ছিলেন কালো তালিকাভুক্ত। পাসপোর্ট হারানোর ঘটনায় ১ হাজার ১৫৫ জনের বিরুদ্ধে বহিষ্কারের প্রক্রিয়া নেওয়া হয়। ভিসা লঙ্ঘনের কারণে ৬৮৯ জন এবং উপসাগরীয় দেশগুলোতে প্রবেশে প্রত্যাখ্যাত হওয়ায় ৩৪২ জন পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়েছে।

 

দেশভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি পাকিস্তানিকে বহিষ্কার করেছে সৌদি আরব। দেশটি প্রায় ১৫ হাজার ৫০০ জন পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে। এরপর সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ৩ হাজার ৮০৩ জন, ওমান ১ হাজার ৬০৬ জন, বাহরাইন ৫২১ জন, কাতার ৪২৯ জন এবং কুয়েত ৯৭ জন পাকিস্তানিকে বহিষ্কার করেছে।

 

এ ছাড়া ‘অন্যান্য’ ক্যাটাগরিতে উপসাগরীয় দেশগুলো থেকে আরও ৬ হাজার ৬৬২ জন পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে ৪৭২ জন পাকিস্তানি ভিক্ষুককেও বহিষ্কার করা হয়েছে।

 

তথ্যে বলা হয়েছে, ইউএই থেকে নয়জন পাকিস্তানিকে ইন্টারপোলের মাধ্যমে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ভুয়া পরিচয় ব্যবহার, মেয়াদোত্তীর্ণ ইকামা ও পাসপোর্ট, চুরি, যুদ্ধকবলিত এলাকায় যাতায়াত এবং অভিবাসন আইন লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে কয়েকজনকে ফেরত পাঠানো হয়েছে।

 

পলাতক পাকিস্তানিদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যককে বহিষ্কার করেছে সৌদি আরব- ৩ হাজার ৯২১ জন। এরপর ইউএই ৬৩৬ জনকে বহিষ্কার করেছে।

 

অতিরিক্ত সময় অবস্থান, অবৈধ প্রবেশ বা অবস্থানের অভিযোগে সৌদি আরব ১ হাজার ৯২৪ জন পাকিস্তানিকে বহিষ্কার করেছে। একই অভিযোগে ইউএই ৩৪৭ জন এবং ওমান ২৯৫ জন পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:২১:৫৯ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ