
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ হাজারী খাল খনন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। সোমবার (২৩ নভেম্বর) সকালে তিনি সরেজমিনে খননকাজের অগ্রগতি পরিদর্শন করেন।
৭ মিটার প্রস্থের মডেল খালটি খননের মাধ্যমে স্থানীয় পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং কৃষিজমিতে সেচ সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। খালটি খনন সম্পন্ন হলে বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশন এবং শুকনো মৌসুমে পানি সংরক্ষণ করে কৃষিকাজে ব্যবহারের সুযোগ তৈরি হবে। এতে সেচ খরচ কমার পাশাপাশি অনাবাদি জমি চাষের আওতায় আসবে এবং ফসল উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. নাসির উদ্দীন, বরগুনার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফজলুল হক মাস্টারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ সময় জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, খাল খনন সরকারের একটি সময়োপযোগী ও জনকল্যাণমুখী উদ্যোগ। এর মাধ্যমে কৃষকের সেচ সুবিধা বাড়ার পাশাপাশি জলাবদ্ধতা নিরসন ও পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। এটি বাস্তবায়িত হলে স্থানীয় কৃষকসহ সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন।
তিনি আরও বলেন, খননের পাশাপাশি খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং ভবিষ্যতে যাতে খালটি পুনরায় ভরাট বা দখল না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে। খালের যথাযথ রক্ষণাবেক্ষণে স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন।
খালটির স্বাভাবিক পানিপ্রবাহ ফিরে এলে স্থানীয় জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ফসলের ক্ষয়ক্ষতি কমবে বলে আশা করা হচ্ছে।