
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপা উপজেলার পক্ষিয়া গ্রামের মৎস্যজীবী গ্রাম সমিতির সদস্যদের কাছ থেকে ঋণের জামানত হিসেবে নেওয়া স্বাক্ষরিত ফাঁকা চেক ও স্ট্যাম্প ব্যবহার করে মামলা ও হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোসাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) সাবেক এক কর্মকর্তা, সমিতির সভাপতিসহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেছেন এক ভুক্তভোগী নারী।
অভিযোগকারী মুক্তামনি (স্বামী: জসিম গাজী) অভিযোগে জানান, তিনি ও গ্রামের মৎস্যজীবী সমিতির সদস্যরা এসডিএফের গলাচিপা শাখার তৎকালীন ক্লাস্টার ফেসিলিটেটর মো. ইমদাদুল হকের মাধ্যমে ঋণ গ্রহণ করেন। ঋণ দেওয়ার সময় জামানত হিসেবে সদস্যদের কাছ থেকে স্বাক্ষর করা ফাঁকা চেক ও স্ট্যাম্প নেওয়া হয়।
অভিযোগপত্রে বলা হয়, গলাচিপায় কর্মরত থাকাকালে সমিতির এক সদস্যকে যৌন হয়রানির অভিযোগে মো. ইমদাদুল হকের বিরুদ্ধে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা হয়। তদন্ত শেষে ওই মামলায় অভিযোগপত্রও দাখিল করা হয়। পরে বদলি হয়ে অন্যত্র যাওয়ার সময় তিনি সমিতির সদস্যদের স্বাক্ষর করা চেক ও স্ট্যাম্প নিয়ে যান বলে অভিযোগ করেন মুক্তামনি।
মুক্তামনির দাবি, পরবর্তী সময়ে ওই ফাঁকা চেকে টাকার অঙ্ক বসিয়ে তাঁর ও সাক্ষী রানী বেগমের বিরুদ্ধে বাগেরহাটের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মামলা করেন ইমদাদুল হক। মামলা দুটি হলো সি.আর-৮২/২৬ ও সি.আর-৮৩/২৬। এ ছাড়া সমিতির অন্য সদস্যদের চেক ও স্ট্যাম্প ব্যবহার করেও মামলা করার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, সমিতির সভাপতি রুহুল আমিন প্যাদা ও অজ্ঞাতনামা কয়েকজন বাদী ও সাক্ষীর স্বাক্ষর নিয়ে গলাচিপা থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ওই জিডিতে চেক দুটি হারিয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীদের দাবি, প্রকৃত ঘটনা আড়াল করতেই এভাবে জিডি করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি।
অভিযোগকারী মুক্তামনি সমিতির সদস্যদের কাছ থেকে নেওয়া চেক ও স্ট্যাম্প উদ্ধার এবং অভিযোগের তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে দুদক চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেছেন।