কলাপাড়ায় ১২.৬০ একর জমি নিয়ে বিরোধ, ৬৫ বছরের নামজারি মামলা বাতিলের আবেদন

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ১২.৬০ একর জমি নিয়ে বিরোধ, ৬৫ বছরের নামজারি মামলা বাতিলের আবেদন
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬


কলাপাড়ায় ১২.৬০ একর জমি নিয়ে বিরোধ, ৬৫ বছরের নামজারি মামলা বাতিলের আবেদনসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বানাতীপাড়া মৌজায় ১২ দশমিক ৬০ একর জমির মালিকানা ও ভোগদখল নিয়ে বিরোধ দেখা দিয়েছে। এ ঘটনায় ১৯৬১-৬২ সালের একটি নামজারি মামলা বাতিলের আবেদন করেছেন স্থানীয় দুই ব্যক্তি। একই সঙ্গে জমির মালিকানা নিয়ে বিরোধের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন তাঁরা।

বানাতীপাড়া গ্রামের শাহজাহান হাওলাদার ও মো. আলতাফ হোসেন প্যাদা কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) আদালতে এ আবেদন করেন। এতে আঃ খালেক হাওলাদারকে বিবাদী করা হয়েছে।

আবেদনকারীদের দাবি, বানাতীপাড়া মৌজার এসএ ২৯ ও ৯৪ নম্বর খতিয়ানের অধীনে ১২ দশমিক ৬০ একর জমির মালিক তাঁরা এবং সংশ্লিষ্ট খতিয়ানের রেকর্ডীয় মালিকদের ওয়ারিশ। দীর্ঘদিন ধরে তাঁরা ও তাঁদের পূর্বসূরিরা এসব জমি ভোগদখল করে আসছেন। জমিতে ২০টির বেশি বসতঘর নির্মাণ করে বসবাসের পাশাপাশি কিছু জমিতে চাষাবাদও করছেন। বিভিন্ন সময়ে সরকারি খাজনা পরিশোধ এবং জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ গ্রহণের তথ্যও আবেদনে তুলে ধরেছেন তাঁরা।

আবেদনে বলা হয়, বিবাদী পক্ষের নামে ৩৯২/১৯৬১-৬২ নম্বরের একটি নামজারি মামলা সম্প্রতি সংশ্লিষ্ট বালামে লিপিবদ্ধ করা হয়েছে। তবে নয়াকাটা ভূমি অফিস ও জেলা প্রশাসকের রেকর্ড রুমে ওই মামলার কোনো নথি বা অস্তিত্ব পাওয়া যায়নি বলে দাবি আবেদনকারীদের। এ ছাড়া বিবাদী পক্ষের নামে ভূমি উন্নয়ন কর পরিশোধের কোনো দাখিলাও নেই বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন আবেদনকারীরা। এ সময় তাঁরা বিবাদী আঃ খালেক হাওলাদার ও তাঁর সহযোগীদের বিচারের দাবি জানান। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, ‘এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো জাল-জালিয়াতি হলে ছাড় দেওয়া হবে না।’

তবে এসব অভিযোগের বিষয়ে বিবাদী আঃ খালেক হাওলাদারের বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:৫০




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ