বরগুনায় ৩৯ শিশুর গায়ে কম্বল জড়িয়ে দিলেন জেলা প্রশাসক

হোম » বরগুনা » বরগুনায় ৩৯ শিশুর গায়ে কম্বল জড়িয়ে দিলেন জেলা প্রশাসক
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬


 

বরগুনায় ৩৯ শিশুর গায়ে কম্বল জড়িয়ে দিলেন জেলা প্রশাসক

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

শীতের আগমনী বার্তায় রাতের হিমেল হাওয়ায় বাড়ছে শীতের অনুভূতি। এমন সময়ে শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বরগুনা জেলা প্রশাসন। মানবিক উদ্যোগের অংশ হিসেবে বরগুনা সরকারি শিশু পরিবারের ৩৯ শিশুর গায়ে কম্বল জড়িয়ে দিলেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার।

 

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে বরগুনা সরকারি শিশু পরিবারে শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে জেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

 

এ সময় শুধু কম্বল বিতরণেই সীমাবদ্ধ থাকেননি জেলা প্রশাসক। শিশুদের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। খোঁজ নেন পড়াশোনা, দৈনন্দিন জীবনযাপন ও ভবিষ্যৎ স্বপ্নের কথা। কিছুটা সময় কাটান অভিভাবকের স্নেহবঞ্চিত শিশুদের সঙ্গে।

 

কম্বল পেয়ে শিশুদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। জেলা প্রশাসকের কাছ থেকে শীতের উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তারা।

 

এ সময় জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, ‘শিশুরা আমাদের সমাজ ও দেশের ভবিষ্যৎ। প্রতিটি শিশুর নিরাপদে বেড়ে ওঠা, সুশিক্ষা লাভ এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার অধিকার রয়েছে। পারিবারিক স্নেহ-ভালোবাসা থেকে বঞ্চিত এসব শিশুর পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, সামাজিক দায়বদ্ধতাও। শীতের কষ্ট যেন তাদের পড়াশোনা, স্বাভাবিক জীবনযাপন ও আনন্দকে ম্লান করতে না পারে, সে লক্ষ্যেই জেলা প্রশাসনের এই ক্ষুদ্র প্রয়াস।’

 

তিনি আরও বলেন, সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের পাশে জেলা প্রশাসন সবসময় থাকবে। পর্যায়ক্রমে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে।

 

৩৯ শিশুর হাতে কম্বল তুলে দেওয়ার মধ্য দিয়ে জেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হলো। শীত নিবারণের পাশাপাশি শিশুদের প্রতি এই আন্তরিকতা তাদের মধ্যে নিরাপত্তা ও আপনজনের সান্নিধ্যের অনুভূতি জাগাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:২০




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ