
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে প্রায় ১৮ বছর কারাবাসের পর চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন বাগেরহাটের মোংলার বাসিন্দা বাদল ফরাজী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ২টা ১৫ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্যে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে তাঁকে বাগেরহাট জেলা কারাগারে আনা হয়।
সেখান থেকে পুলিশ পাহারায় তাঁকে মোংলা পৌরসভার কুমারখালী এলাকার নিজ বাড়িতে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে। তবে কখন তাঁকে বাড়িতে নেওয়া হবে, সে বিষয়ে প্রশাসন সুনির্দিষ্ট সময় জানায়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে অথবা বুধবার (২৫ নভেম্বর) তাঁকে বাড়িতে নেওয়া হতে পারে।
বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মো. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্যারোলে মুক্তির পর পুলিশ পাহারায় বাদলকে বাগেরহাট জেলা কারাগারে আনা হয়েছে। পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রশাসনিক প্রক্রিয়া চলছে।
এর আগে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, চার সপ্তাহের প্যারোলে মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে বাদল ফরাজীকে বাগেরহাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গত ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে তাঁর প্যারোলে মুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে অনুরোধ জানানো হয়েছিল।
দীর্ঘ ১৮ বছর পর বাদলকে কাছে পাওয়ার খবরে বাড়িতে ঘর গুছিয়ে ও সাজিয়ে রেখেছেন স্বজনেরা। তবে প্যারোলে নয়, ছেলের স্থায়ী মুক্তি চান তাঁর মা। পরিবারের সদস্যরা বলছেন, দীর্ঘদিন পর তাঁকে কাছে পাওয়ার আনন্দ থাকলেও প্যারোলে মুক্তিতে তাঁরা পুরোপুরি সন্তুষ্ট নন।
বাদল ফরাজীর মা শেফালী বেগম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “মিথ্যা মামলায় এতদিন আমার ছেলেকে আটকে রাখা হয়েছে। আমরা সরকারের কাছে দাবি করেছিলাম তাকে স্থায়ীভাবে মুক্তি দেওয়া হোক। স্থায়ী মুক্তি না দিয়ে প্যারোলে মুক্তি দেওয়ায় আমরা পুরোপুরি মেনে নিতে পারছি না। আমি আমার ছেলের স্থায়ী মুক্তি চাই।”
বড় বোন আকলিমা বেগম বলেন, “ভাইকে কাছে পাওয়ার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। সে বাড়িতে ফিরে কোথায় থাকবে, তার জন্য ঘর ও আনুষঙ্গিক সবকিছু গুছিয়ে সাজিয়ে রাখা হয়েছে। প্যারোলে মুক্তির বিষয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে না পারলেও দীর্ঘদিন পর ভাইকে কাছে পাচ্ছি ভেবে আমরা আনন্দিত।”
ঘটনার সূত্রপাত ২০০৮ সালের ৬ মে। ভারতের দিল্লির লাজপত নগরের দয়ানন্দ কলোনিতে নির্মলা মাদান (৭১) নামের এক নারী খুন হন। ওই ঘটনায় ভারতীয় পুলিশ নিহত নারীর গৃহকর্মী বাদল সিং নামের এক ব্যক্তিকে খুঁজছিল। এর দুই মাস সাত দিন পর, ২০০৮ সালের ১৩ জুলাই তাজমহল দেখার উদ্দেশ্যে পর্যটক ভিসায় ভারতে যান মোংলার অষ্টম শ্রেণির শিক্ষার্থী বাদল ফরাজী।
সীমান্তে নামের মিল থাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁকে হত্যা মামলার আসামি বাদল সিং হিসেবে গ্রেপ্তার করে। হিন্দি ও ইংরেজি ভাষায় দক্ষতা না থাকায় সে সময় নিজের পরিচয় যথাযথভাবে তুলে ধরতে পারেননি বাদল। পরে পাসপোর্ট, ভিসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্রসহ প্রয়োজনীয় নথি উপস্থাপন করেও মুক্তি পাননি তিনি।
২০১৫ সালের ২২ আগস্ট দিল্লির একটি আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন। ভারতের তিহার কারাগারে প্রায় ১০ বছর বন্দি থাকাকালে তিনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করেন।
পরবর্তী সময়ে ভারত-বাংলাদেশ বন্দি স্থানান্তর চুক্তির আওতায় ২০১৮ সালের ৬ জুলাই তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর প্রথমে কেরানীগঞ্জ ও পরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রাখা হয় তাঁকে। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও মানবাধিকারকর্মীদের প্রচেষ্টার পর অবশেষে চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেলেন বাদল ফরাজী।