
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খাঁনকে এক লাখ টাকা ঘুষসহ গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আমতলী পৌরসভার সাবেক মেয়র মতিয়ার রহমানের পরিত্যক্ত বাসার একটি কক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
দুদকের দাবি, সাব-ঠিকাদার মো. নোমান রেজার কাছ থেকে ঘুষ নেওয়ার সময় তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রকৌশলী রুবেল খাঁনের দাবি, সাবেক মেয়র মতিয়ার রহমানের অনিয়মের কাজে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে তাঁকে ফাঁসানো হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের বক্তব্যে পরস্পরবিরোধী দাবি পাওয়া গেছে।
দুদক সূত্রে জানা গেছে, আমতলী পৌরসভার সৌন্দর্যবর্ধনের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে ২০২৩-২৪ অর্থবছরে ১২ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা ব্যয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় এলজিসিআরআরপি প্রকল্প হাতে নেয়। ২০২৪ সালের এপ্রিলে তৎকালীন পৌর মেয়র মতিয়ার রহমান গোপনে এ কাজের দরপত্র আহ্বান করেন। অভিযোগ রয়েছে, ঝালকাঠির ইসলাম ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হলেও বাস্তবে কাজটি পরিচালনা করেন তৎকালীন মেয়র নিজেই।
২০২৪ সালের ৩০ জুলাই কাজ শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ে তা শুরু হয়নি। বর্তমানে কাজটি চলমান রয়েছে। সাবেক মেয়র মতিয়ার রহমানের পলাতক অবস্থায় সাব-ঠিকাদার নোমান রেজা কাজটি পরিচালনা করছেন। প্রকল্পের কাজ তদারকির দায়িত্বে রয়েছেন পৌরসভার উপসহকারী প্রকৌশলী রুবেল খাঁন।
সাব-ঠিকাদার নোমান রেজার অভিযোগ, কাজের জন্য তাঁর কাছে এক লাখ টাকা ঘুষ দাবি করেন প্রকৌশলী রুবেল। সোমবার বেলা ১১টার দিকে সাবেক মেয়র মতিয়ার রহমানের পরিত্যক্ত বাসার একটি কক্ষে তাঁকে ওই টাকা দেওয়া হয়। এ সময় আগে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুদকের দল টাকাসহ রুবেলকে গ্রেপ্তার করে।
তবে অভিযোগ অস্বীকার করে রুবেল খাঁন বলেন, সাবেক মেয়র মতিয়ার রহমান আগে পৌরসভার উন্নয়নকাজ না করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এখনো তিনি পৌরসভার কাজে অনিয়ম করে টাকা হাতিয়ে নিতে চান। এতে রাজি না হওয়ায় মেয়র তাঁর লোক নোমান রেজাকে ব্যবহার করে পরিকল্পিতভাবে তাঁর পকেটে টাকা ঢুকিয়ে দুদক দিয়ে ধরিয়ে দিয়েছেন। মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সঠিকভাবে তদন্ত করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
সাব-ঠিকাদার নোমান রেজা বলেন, পৌরসভার উপসহকারী প্রকৌশলী রুবেল খাঁন তাঁর কাছ থেকে এক লাখ টাকা ঘুষ নিয়েছেন। টাকা দেওয়ার সময় দুদক তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। তবে প্রকল্পের কাজের মান নিয়ে আপত্তির কারণে রুবেলের পকেটে পরিকল্পিতভাবে টাকা ঢুকিয়ে তাঁকে ফাঁসানো হয়েছে কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে এড়িয়ে যান তিনি।
পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের দুদকের সহকারী পরিচালক তাপস বিশ্বাস বলেন, এক লাখ টাকা ঘুষসহ রুবেল খাঁনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের কাছে আগে থেকে দেওয়া তথ্যের সঙ্গে তাঁর কাছ থেকে উদ্ধার করা টাকার নম্বরের হুবহু মিল পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৬১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে। পরে তাঁকে আমতলী থানায় সোপর্দ করা হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, দুদক গ্রেপ্তার করে পৌরসভার উপসহকারী প্রকৌশলীকে আমতলী থানায় হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক হাসান মো. হাফিজুর রহমান বলেন, বিষয়টি তিনি জেনেছেন। সুষ্ঠু তদন্তের ভিত্তিতে সরকারি চাকরিবিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।