শেখ হাসিনার জায়গা বাংলাদেশে হবে না, ফাঁসির মঞ্চ অপেক্ষা করছে: প্রতিমন্ত্রী

হোম » রাজনীতি » শেখ হাসিনার জায়গা বাংলাদেশে হবে না, ফাঁসির মঞ্চ অপেক্ষা করছে: প্রতিমন্ত্রী
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬


 

শেখ হাসিনার জায়গা বাংলাদেশে হবে না, ফাঁসির মঞ্চ অপেক্ষা করছে: প্রতিমন্ত্রী

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

যারা গণতন্ত্রের নামে দেশে সহিংসতা সৃষ্টি করে এবং মানুষের জানমালের ক্ষতি করে, তাদের আর বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর। তিনি বলেন, ‘সন্ত্রাসী গোষ্ঠী শেখ হাসিনার জায়গা বাংলাদেশে হবে না। তার জন্য ফাঁসির মঞ্চ অপেক্ষা করছে।’

 

সারাদেশে অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতা এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসে আগুন দিয়ে মানুষ হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেছারাবাদ উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী গোষ্ঠীর কাউকে দেখলে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। তাদের বিষয়ে প্রশাসনকে অবহিত করতে হবে। প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। তবে এ ধরনের গোষ্ঠীকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য করে দলের কেউ তাদের প্রশ্রয় দিলে তার দলে থাকার সুযোগ থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

 

সাংবাদিকদের উদ্দেশে আহমেদ সোহেল মনজুর বলেন, কোনো ধরনের অপপ্রচার না করে বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।

 

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে দলের সাংগঠনিক শক্তি আরও জোরদার করার কথা জানিয়ে তিনি বলেন, উন্নয়নের রাজনীতির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এলাকায় চলমান অপপ্রচারের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

 

গোপালগঞ্জের ঘটনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, কোনোভাবেই এ ঘটনাকে কেন্দ্র করে দেশের স্থিতিশীলতা নষ্ট হতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান সবকিছু দেখছেন এবং সর্বদা সজাগ রয়েছেন। অশান্ত গোপালগঞ্জ শিগগিরই শান্ত হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

এর আগে বিকেলে নেছারাবাদ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের আয়োজনে প্রতিমন্ত্রীর নেতৃত্বে স্বরূপকাঠি পৌরসভার সড়ক থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেছারাবাদ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:১৪:১৯




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ