আমান-শিমুল বিশ্বাসকে অভিনন্দন জানিয়ে পিরোজপুরে শ্রমিক দলের আনন্দ মিছিল

হোম » পিরোজপুর » আমান-শিমুল বিশ্বাসকে অভিনন্দন জানিয়ে পিরোজপুরে শ্রমিক দলের আনন্দ মিছিল
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬


 

আমান-শিমুল বিশ্বাসকে অভিনন্দন জানিয়ে পিরোজপুরে শ্রমিক দলের আনন্দ মিছিল

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্যসচিব অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পিরোজপুরে আনন্দ মিছিল করেছেন জেলা শ্রমিক দলের নেতাকর্মীরা।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

 

পথসভায় বক্তারা নবনির্বাচিত আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্যসচিব অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে অভিনন্দন জানান। একই সঙ্গে পিরোজপুর জেলা শ্রমিক দলের বিগত কমিটির কার্যক্রমের সমালোচনা করেন তাঁরা।

 

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন দায়িত্বে থাকা বিগত কমিটির নেতাদের কারণে সাধারণ সদস্য ও নেতাকর্মীরা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছেন। এমনকি সংগঠনের সুযোগ-সুবিধা থেকেও তাঁরা বঞ্চিত ছিলেন। এ ছাড়া বিগত জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের পক্ষে ওই কমিটির সংশ্লিষ্ট নেতারা প্রত্যাশিত ভূমিকা পালন করেননি বলেও অভিযোগ করেন বক্তারা।

 

পথসভায় বক্তব্য দেন পিরোজপুর জেলা অটোরিকশা-সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ফকির, জেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনসান উদ্দিন শেখ, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আ. জব্বার মোল্লা, জেলা শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখ, সহ-প্রচার সম্পাদক মো. বাদশা শেখ এবং জেলা অটোরিকশা-সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সোহেল শেখসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ২১:০২:০২




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ