বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, বসানো হয়েছে ৩০ চেকপোস্ট

হোম » লিড নিউজ » বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, বসানো হয়েছে ৩০ চেকপোস্ট
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬


 

বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, বসানো হয়েছে ৩০ চেকপোস্ট

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)

 

দেশের বিরাজমান পরিস্থিতিতে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তপথে অপরাধমূলক তৎপরতা ঠেকাতে যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আধুনিক সার্চলাইট স্থাপন করে রাতভর নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত ৩০টি চেকপোস্ট বসিয়ে টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

 

আসন্ন ডিসেম্বরকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। দিন-রাত টহলের পাশাপাশি সীমান্তের সন্দেহজনক চলাচল পর্যবেক্ষণ করছেন বিজিবি সদস্যরা। সার্চলাইটের আলোয় রাতের অন্ধকারেও সীমান্ত এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চলছে নজরদারি।

 

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শীর্ষ চার নেতা রবিবার বেনাপোল সীমান্তের ওপারে ভারতের পেট্রাপোল সীমান্ত এলাকায় সীমান্তরক্ষীদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন, এমন খবর প্রকাশের পর বাংলাদেশের সীমান্তে নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে।

 

যশোর ৪৯ বিজিবি ও খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তারা জানান, নিষিদ্ধ সংগঠনের পলাতক আসামিরা যাতে সীমান্ত অতিক্রম করতে না পারেন, সে জন্য গোয়েন্দা নজরদারির পাশাপাশি অতিরিক্ত ৩০টি চেকপোস্ট বসানো হয়েছে। অবৈধ অনুপ্রবেশ শনাক্ত করতে নাইট ভিশন ও থার্মাল ক্যামেরা, লেজার রেঞ্জ ফাইন্ডার, সার্চলাইট, নাইট ভিশন গগলস, ড্রোন, সিসি ক্যামেরা, নাইট ভিশন বাইনোকুলার ও ফ্ল্যাশলাইটসহ আধুনিক প্রযুক্তির সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। দেশের বর্তমান প্রেক্ষাপটে সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ভারত থেকে বাংলাদেশে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ কঠোর নিরাপত্তাব্যবস্থা অব্যাহত থাকবে।

 

এদিকে সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে স্থানীয় বাসিন্দারাও সতর্ক রয়েছেন। স্থানীয় নাগরিকদের দাবি, তাঁদের কেউ কেউ রাত জেগে সীমান্ত এলাকায় পাহারা দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৩:১৪:৪৬




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ