ফেসবুকে আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগ, মহিপুরে যুবদল নেতার পদ স্থগিত

হোম » আলোচিত খবর » ফেসবুকে আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগ, মহিপুরে যুবদল নেতার পদ স্থগিত
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬


 

পদ স্থগিত হওয়া নেতা মো. গোলাম মোর্তুজা। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

 

ফেসবুকে এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় পটুয়াখালীর মহিপুরে যুবদলের এক নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে। দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) মহিপুর থানা যুবদল এ সিদ্ধান্ত নেয়। পদ স্থগিত হওয়া নেতা মো. গোলাম মোর্তুজা। তিনি ৯ নম্বর ধুলাসার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

মহিপুর থানা যুবদলের দপ্তর সম্পাদক মো. মাসুম সুমনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। থানা যুবদলের সভাপতি মো. সিদ্দিকুর রহমান মোল্লা ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্যাদার অনুমোদনে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

 

এ বিষয়ে গোলাম মোর্তুজার বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

মহিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্যাদা বলেন, ‘সংগঠনের শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। দলের সুনাম ও শৃঙ্খলা অটুট রাখতেই অভিযোগ যাচাই করে সাংগঠনিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

 

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মহিপুর ও ধুলাসার এলাকায় স্থানীয় রাজনীতিতে আলোচনা-সমালোচনা ও নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:২৪:৩৪




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ