
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনায় জেলা পুলিশের বিশেষ অভিযানে নগদ ৯ লাখ ৩০ হাজার টাকা, প্রায় সাড়ে ১৪ লাখ টাকার স্বর্ণালংকার ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় আরও দুইজন পালিয়ে যায়।
গ্রেফতাররা হলেন মোসা. খাদিজা (৪০) ও মোসা. মরিয়ম (৩৫)। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় বরগুনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা।
পুলিশ সুপার জানান, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ জুলাই বরগুনা সদর উপজেলার ৪ নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়নের আদাবাড়িয়া এলাকায় অভিযান চালায় সদর থানার একটি দল। এ সময় সন্দেহভাজন চোরাই মালামাল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে নগদ ৯ লাখ ৩০ হাজার টাকা, ৬ ভরি ১১ আনা ৫ রতি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ১৪ লাখ ১১ হাজার টাকা এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা, যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।
তিনি বলেন, উদ্ধার হওয়া মালামাল আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও চোরাই মালামাল উদ্ধারে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, পলাতক আসামি ইব্রাহিমের বিরুদ্ধে রাজধানীর মিরপুর মডেল থানা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় চুরি, প্রতারণা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চুরি, ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশ বদ্ধপরিকর। তিনি অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানা বা জেলা পুলিশকে জানিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
এমএইচকে/এমআর