বরগুনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা

হোম » বরগুনা » বরগুনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা
বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২৬


বরগুনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার বামনা উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুইজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে। আদালত অভিযোগের বিষয়ে অনুসন্ধান করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বরগুনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দেন।

মামলার প্রধান আসামি করা হয়েছে বামনা উপজেলার বুকাবুনিয়া গ্রামের তৈয়ব আলীর ছেলে মো. আবদুস সালাম (৪৫) এবং তার ভগ্নিপতি মো. জালালকে (৪৮)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই গৃহবধূ দুই কন্যাসন্তানের জননী। তার স্বামী ঢাকায় কর্মরত থাকেন। অভিযোগে বলা হয়, এ সুযোগে প্রতিবেশী আবদুস সালাম দীর্ঘদিন ধরে তাকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় বিভিন্ন সময় তাকে ভয়ভীতি ও অপমানজনক কথাবার্তা বলতেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ২৯ জুলাই বুধবার বিকেলে গৃহবধূ তার ছোট মেয়েকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় বড় মেয়ে বাইরে খেলছিল। অভিযোগ অনুযায়ী, আবদুস সালাম ঘরে ঢুকে তাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে তিনি চিৎকার করলে বড় মেয়ে ঘরে চলে আসে এবং অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।

মামলায় অভিযোগ করা হয়েছে, ঘটনার পর বিষয়টি আবদুস সালামের ভগ্নিপতি মো. জালালকে জানানো হলেও তিনি সহযোগিতা না করে উল্টো গালিগালাজ করেন। এ কারণে তাকেও মামলার আসামি করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিশোধপরায়ণ হয়ে তার ওপর এ ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছে।

অভিযুক্ত আবদুস সালামের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৪০:২৪ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ