
সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে বিএনপি ও সহযোগী সংগঠনের একটি অস্থায়ী কার্যালয়ে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয় থেকে আসবাবপত্র, টেলিভিশন, ফ্লেক্স ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সোমবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে স্থানীয় নেতাকর্মীরা বিষয়টি জানতে পেরে দশমিনা থানা পুলিশকে খবর দেন।
স্থানীয় সূত্র জানায়, গত এক সপ্তাহ ধরে টানা ভারী বর্ষণে উপজেলার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। সোমবার রাতেও প্রবল বৃষ্টির সুযোগে দুর্বৃত্তরা ৯ নম্বর ওয়ার্ডের মাছুয়াখালী গ্রামের বিএনপির অস্থায়ী কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চেয়ার, টেবিল, টেলিভিশন এবং প্রয়োজনীয় নথিপত্রসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
মাছুয়াখালী ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক হোসেন ও সাধারণ সম্পাদক ইউসুব পালোয়ান বলেন, সোমবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে সবাই বাড়ি ফিরে যান। পরে গভীর রাতে প্রবল বৃষ্টির সুযোগে দুর্বৃত্তরা কার্যালয়ে ঢুকে মূল্যবান মালামাল ও গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তারা পুলিশকে অবহিত করেন।
তারা আরও বলেন, মূল সড়কের পাশে অবস্থিত একটি রাজনৈতিক দলের কার্যালয়ে এ ধরনের চুরির ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি উপজেলা বিএনপির নেতাদের জানানো হয়েছে এবং তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ছিদ্দিক আহমেদ মোল্লা এবং সদস্য সচিব শাহ আলম শানু বলেন, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতারা তাদের ঘটনাটি অবহিত করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, বিএনপির অস্থায়ী কার্যালয়ে চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।