
সাগরকন্যা প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে হাতি নিয়ে যানবাহন থেকে চাঁদা তোলার সময় চাঁদা এড়াতে গিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ১০ মাস বয়সী আরিশা জান্নাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা হাতির মাহুতকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সদরপুর সদর ইউনিয়নের আটরশি দরবার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিশা জান্নাত পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্যার মেয়ে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আরিশাকে চিকিৎসকের কাছে দেখানোর জন্য তার মা ব্যাটারিচালিত ইজিবাইকে করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। পথে আটরশি এলাকায় বকুল মিয়া (২৪) নামে এক মাহুত হাতি নিয়ে সড়কে বিভিন্ন যানবাহন থামিয়ে চাঁদা তুলছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইজিবাইকটি হাতির কাছে পৌঁছালে চালক চাঁদা এড়াতে সড়কের পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় হাতিটি হঠাৎ ঘুরে সড়কের দিকে চলে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ইজিবাইকটি উল্টে গিয়ে মায়ের কোলে থাকা শিশু আরিশা গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা মাহুত বকুল মিয়াকে গণপিটুনি দিয়ে হাতিটিকে আটকে রাখে। খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহুতকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সদরপুর থানা পুলিশ জানায়, আটক বকুল মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর গ্রামের আনিসউদ্দিনের ছেলে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, ‘ঘটনার পর মাহুতকে আটক করা হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটক হাতিটিকে বন বিভাগের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।’