
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম. জহির উদ্দিন স্বপন মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে আগৈলঝাড়া উপজেলা সফরকালে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের আহ্বান জানান।
মন্ত্রী বলেন, সরকারি অনুদান ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা অবশ্যই প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাতে হবে। এ ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুষম বণ্টন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি।
শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব বশির আহম্মেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বক্তিয়ার, খন্দকার মোহাম্মদ আলী, সরোয়ার হোসেন মিয়াসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
পরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী উপজেলা প্রশাসনের আয়োজিত আইনশৃঙ্খলা সভায় অংশ নেন। সভায় তিনি বলেন, প্রতিটি সরকারি কার্যক্রম তথ্য-উপাত্ত ও নথিভিত্তিক হতে হবে। প্রতিটি কাজের প্রয়োজনীয় রেকর্ড সংরক্ষণ নিশ্চিত করতে হবে, যাতে সেবার মান বজায় থাকে এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত হয়।
তিনি আরও বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে হবে। কোনো সাধারণ মানুষ যেন সরকারি সেবা নিতে গিয়ে হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন তিনি।
আইনশৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) পলাশ আহম্মেদ, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।