
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
বরিশাল নগরীতে প্রেমিকের বাসা থেকে পটুয়াখালীর কলাপাড়ার এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে নগরীর বগুড়া সড়কে অক্সফোর্ড মিশন প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাফি মঞ্জিলের ছয় তলার একটি কক্ষ থেকে সানজিদা কবির অনিতা (২২) নামে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। তিনি কলাপাড়া উপজেলার তেগাছিয়া গ্রামের মহাসিন কবির শাহিনের মেয়ে এবং সরকারি একটি নার্সিং কলেজের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, অভিযুক্ত প্রেমিক মাইনুল ইসলাম আকন হিমু (৩০) ঝালকাঠি পৌর এলাকার কাটপট্টি রোডের বাসিন্দা। তার মাকে নিয়ে ঘটনাস্থল রাফি মঞ্জিলের ওই বাসায় ভাড়া থাকতেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
হিমুর মা ফাতেমা বেগম বলেন, ‘হিমু ও অনিতার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। আমি অসুস্থতার কারণে মেয়ের বাসায় ছিলাম। দুপুরে ফিরে এসে বাসার দরজায় তালা দেখতে পাই। তালা খুলে ভেতরে ঢুকে দেখি বিছানায় অনিতার নিথর দেহ পড়ে আছে। পরে হিমুকে ফোন করলেও তার মোবাইল নম্বর বন্ধ পাই।’
নিহতের বোন বলেন, ‘আড়াই বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল। কিছুদিন আগে আমরা জানতে পারি, হিমু তার আগের স্ত্রীকে বিষ প্রয়োগে হত্যা করেছে। বিষয়টি অনিতাকে জানালে সে সম্পর্ক থেকে সরে আসে। ঘটনার দিন সকালে অনিতা বাসা থেকে বের হয়। পরে হিমুর বাসায় গিয়ে তার লাশ দেখতে পাই।’
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তরুণীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় প্রেমিক জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
তিনি আরও জানান, সিআইডির একটি দলকে খবর দেওয়া হয়েছে। আলামত সংগ্রহ শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও উল্লেখ করেন ওই পুলিশ কর্মকর্তা।