
সাগরকন্যা প্রতিবেদক, বামনা (বরগুনা)
বরগুনার বামনায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মণি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কার্যক্রমের উদ্বোধন করেন নুরুল ইসলাম মণি। বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিখাত আরার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুল হাসিব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল কুরাইশী বাবু, উপজেলা বিএনপির সহসভাপতি ও বুকাবুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক সোয়েব, বামনা সদর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মো. রহমান মল্লিক এবং উপজেলা ছাত্রদলের সভাপতি নাসির জমাদ্দার। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে চিফ হুইপ নুরুল ইসলাম মণি বলেন, ফ্যামিলি কার্ড সরকারের একটি জনকল্যাণমুখী ও সময়োপযোগী পাইলট প্রকল্প। এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে সরকারি সুবিধা ও সামাজিক নিরাপত্তার সুফল পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তিনি বলেন, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে।
সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে নুরুল ইসলাম মণি আরও বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক নিরাপত্তা জোরদার ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সরকার কাজ করছে। এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নেও তিনি পাশে থাকার আশ্বাস দেন।
পরে অতিথি ও স্থানীয়দের সহযোগিতায় ফ্যামিলি কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়।