
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে রাষ্ট্রপতির পদক ও সনদ পেয়েছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন সিপিপি দলের দলনেতা আবুতালেব ইভান মাতব্বর।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর হাত থেকে তিনি পদক ও সনদ গ্রহণ করেন।
উপকূলীয় এলাকার মানুষের জানমাল রক্ষায় দুর্যোগের সময় বিশেষ ভূমিকা রাখা এবং মানবিক সেবায় নিষ্ঠার সঙ্গে কাজ করার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
ইভান মাতব্বর স্বেচ্ছাসেবার পাশাপাশি একজন প্রভাষক, সমাজসেবক, ক্রীড়াবিদ, ধারাভাষ্যকার ও উপস্থাপক। বক্তা হিসেবেও তিনি পরিচিত। বিভিন্ন স্বেচ্ছাসেবী, ধর্মীয় ও ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত থেকে তিনি সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন। এর আগে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদরাসা শিক্ষক এবং শ্রেষ্ঠ ক্ষুদ্র মৎস্য উৎপাদনকারীর পুরস্কার পেয়েছেন।
রাষ্ট্রপতির পদক পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে ইভান মাতব্বর বলেন, ‘আমার এ অর্জন শুধু একার নয়। এ পুরস্কার কলাপাড়ার সব স্বেচ্ছাসেবককে উৎসর্গ করলাম।’
তিনি বিশেষভাবে কলাপাড়া উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক আসাদুজ্জামান খানের প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁর অনুপ্রেরণা ও সহযোগিতায় আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন ইভান। পাশাপাশি সিপিপির সহকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এ পুরস্কার তাঁর পেশাগত জীবনে দুর্যোগকালীন দায়িত্ব পালন ও সামাজিক কর্মকাণ্ডে আরও অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেন ইভান মাতব্বর।