ফরিদপুরের বিয়ের প্রলোভনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

হোম » ঢাকা » ফরিদপুরের বিয়ের প্রলোভনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২৬


 

ফরিদপুরের বিয়ের প্রলোভনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

সাগরকন্যা প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে এক তরুণীকে (২৩) রাতভর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার বাইখীর বনচাকী গ্রামের ওই তরুণীর সঙ্গে টিকরপাড়া গ্রামের লিটন মোল্লার (৩৩) প্রায় দুই মাস ধরে সম্পর্ক ছিল। বুধবার (২২ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে লিটন মোল্লা ও তার সহযোগী সবুজ মোল্লা বিয়ের কথা বলে তরুণীকে মোটরসাইকেলে করে আলফাডাঙ্গার কটুরাকান্দি এলাকায় সবুজ মোল্লার বসতঘরে নিয়ে যায়।

 

সেখানে নিয়ে যাওয়ার পর তারা তরুণীকে কুপ্রস্তাব দেয়। তিনি রাজি না হলে প্রাণনাশের ভয় দেখিয়ে লিটন মোল্লা, সবুজ মোল্লা ও তাদের সহযোগী আলী শরীফ পর্যায়ক্রমে তাকে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরদিন ভোর সাড়ে ৫টার দিকে অভিযুক্তরা তরুণীকে ফেলে রেখে পালিয়ে যায়।

 

এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় মামলা করেন। ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩)-এর ৯(৩) ধারায় দায়ের করা মামলায় (নং-১৬, তারিখ: ২৩ এপ্রিল ২০২৬) পুলিশ দ্রুত অভিযান চালিয়ে লিটন মোল্লা (৩৩), সবুজ মোল্লা (২৩) ও আলী শরীফকে (২০) গ্রেফতার করে পুলিশ।

 

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের থানা হাজত থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্তভার দেওয়া হয়েছে পরিদর্শক (নিরস্ত্র) ফকির তাইজুর রহমানকে।

বাংলাদেশ সময়: ২২:৪৯:৩৪ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ