গৌরনদীতে জাল দলিলের মামলায় আসামির জামিন নামঞ্জুর

হোম » আইন-আদালত » গৌরনদীতে জাল দলিলের মামলায় আসামির জামিন নামঞ্জুর
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬


 

গৌরনদীতে জাল দলিলের মামলায় আসামির জামিন নামঞ্জুর

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে জাল দলিল তৈরি করে জমি দখলের অভিযোগে দায়ের করা মামলায় হারুন অর রশিদ ওরফে হারুন ব্যাপারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (১২ অক্টোবর) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরদিন মঙ্গলবার (১৩ অক্টোবর) চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুনরায় জামিনের আবেদন করা হলেও তা নামঞ্জুর হয়।

 

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, গৌরনদী উপজেলার তারাকুপি গ্রামের মৃত ওয়াজেদ আলী বেপারীর ছেলে হারুন অর রশিদের বিরুদ্ধে তারাকুপি মৌজার ৪৮ দশমিক ৩৩ শতাংশ জমির একটি জাল দলিল তৈরির অভিযোগ রয়েছে। দলিলটির নম্বর ৪২৫/১৬, তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৬। অভিযোগ অনুযায়ী, ওই দলিলের ভিত্তিতে তিনি দীর্ঘদিন ধরে জমিটি নিজের বলে দাবি করে আসছিলেন।

 

এ ঘটনায় কটকস্থল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমানের জ্যেষ্ঠ ছেলে মো. হিরা বাদী হয়ে বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন আদালত।

 

পিবিআইয়ের বরিশাল জেলা পুলিশ সুপার তদন্তের দায়িত্ব দেন উপপরিদর্শক মো. রবিউল ইসলামকে। তদন্ত শেষে জালিয়াতির অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ গত ২০ মে আদালতে প্রতিবেদন দাখিল করে পিবিআই।

 

মামলার নির্ধারিত তারিখে সোমবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন হারুন অর রশিদ। বিচারক ফজলুল হক শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে তাঁকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরদিন মঙ্গলবার আসামিপক্ষের আইনজীবী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবারও জামিনের আবেদন করলে শুনানি শেষে সেটিও নামঞ্জুর করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:৩৪:৫০ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ