ভাণ্ডারিয়ায় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি

হোম » পিরোজপুর » ভাণ্ডারিয়ায় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬


 

ভাণ্ডারিয়ায় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সার্বক্ষণিক কাজ করছে বলে জানিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার।

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের তারাবুনিয়া-মেদিরাবাদ স্বর্গীয় শ্রী নাথ মৃধা সার্বজনীন শ্রীশ্রী দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

 

ডিআইজি বলেন, ধর্মীয় উৎসবকে ঘিরে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সমন্বিতভাবে কাজ করছেন। সমাজের সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সব সময় নিবেদিত।

 

পরিদর্শনকালে তিনি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন। এ সময় পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।

 

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান, মঠবাড়িয়া-ভাণ্ডারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী, পিরোজপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাসরিন জাহান, ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জগলুল হাসান, পূজামণ্ডপের সভাপতি রমনী মৃধা ও সাধারণ সম্পাদক ইন্দ্রজিত হালদারসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

মেদিরাবাদ-তারাবুনিয়া সার্বজনীন দুর্গাপূজামণ্ডপের সভাপতি রমনী মৃধা বলেন, প্রতিবছরের মতো এবারও ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত ছয় দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শত বছর ধরে এ মণ্ডপে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হয়ে আসছে। এবারও প্রশাসনের সার্বিক সহযোগিতায় শান্তিপূর্ণভাবে পূজা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৪৭:৩৩ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ