
সাগরকন্যা প্রতিবেদক, মোংলা (বাগেরহাট)
মোংলায় ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের আগে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির সূচনা করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী। তিনি বলেন, পুষ্টি নিশ্চিত করা শুধু স্বাস্থ্যসেবা নয়, বরং একটি জাতির সামগ্রিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি। অপুষ্টি দূরীকরণে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদার, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাস এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম মাসুদ রানা।
অনুষ্ঠানে সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. শাহীন। তিনি পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত প্রচারণা এবং জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী নারী ও প্রবীণদের জন্য পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার ওপর জোর দেন। পাশাপাশি প্রতিদিন শাকসবজি, ফলমূল ও ডিম গ্রহণের অভ্যাস গড়ে তোলা, অতিরিক্ত লবণ-চিনি ও ফাস্টফুড পরিহার এবং নিয়মিত শরীরচর্চার পরামর্শ দেওয়া হয়।
পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, স্বাস্থ্য পরীক্ষা, প্রচার কার্যক্রম এবং জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী এ কর্মসূচি পালন করা হবে। এটি বাস্তবায়ন করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মোংলা। সহযোগিতায় রয়েছে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, হীড বাংলাদেশ এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন।