বরগুনায় সাত দিনের সফরে আসছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি

হোম » বরগুনা » বরগুনায় সাত দিনের সফরে আসছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬


 

বরগুনায় সাত দিনের সফরে আসছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি সাত দিনের সরকারি সফরে বরগুনায় আসছেন। ১৪ থেকে ২০ অক্টোবর পর্যন্ত তিনি জেলার বামনা, পাথরঘাটা ও বেতাগী উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সফরে উন্নয়নকাজের উদ্বোধন ও পরিদর্শন, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, দুর্গাপূজার মণ্ডপে আর্থিক সহায়তা বিতরণ এবং বিএনপির কর্মীসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। ২১ অক্টোবর বরিশালে জাতীয়তাবাদী জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।

জাতীয় সংসদের চিফ হুইপের একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিনের ১২ অক্টোবর স্বাক্ষরিত সরকারি সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে।

সফরসূচি অনুযায়ী, ১৪ অক্টোবর বুধবার সকালে জাতীয় সংসদ ভবনের বাসভবন থেকে পাথরঘাটার উদ্দেশে রওনা হবেন চিফ হুইপ। পথে পিরোজপুর সার্কিট হাউসে বিরতি দিয়ে বামনায় পৌঁছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরে পাথরঘাটা হয়ে বরগুনা সার্কিট হাউসে গিয়ে রাতযাপন করবেন তিনি।

১৫ অক্টোবর বৃহস্পতিবার বামনা উপজেলা পরিষদে উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন নুরুল ইসলাম মনি। এদিন শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ, উপজেলা পরিষদের নবনির্মিত পরিদর্শনকক্ষ উদ্বোধন এবং শিশু পার্কের সংস্কারকাজ উদ্বোধনের কর্মসূচি রয়েছে। বিকেলে বামনা উপজেলা বিএনপির কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।

১৬ অক্টোবর শুক্রবার পাথরঘাটা উপজেলা পরিষদ কমপ্লেক্সে সংসদ সদস্যদের জন্য নবনির্মিত ‘ইসলামি মঞ্চ’ ও পরিদর্শনকক্ষসহ বিভিন্ন উন্নয়নকাজ উদ্বোধন করবেন চিফ হুইপ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে আর্থিক সহায়তার চেক বিতরণ করবেন তিনি। এ ছাড়া রায়হানপুর ইউনিয়নের লেমুয়া ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের কর্মসূচি রয়েছে।

১৭ অক্টোবর শনিবার বরগুনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা ও উন্নয়নবিষয়ক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন নুরুল ইসলাম মনি। একই দিন বরগুনা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা, কড়ইতলা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

১৮ অক্টোবর রোববার বেতাগী উপজেলায় বিভিন্ন উন্নয়নকাজ উদ্বোধন ও পরিদর্শন, পূজামণ্ডপে আর্থিক সহায়তা বিতরণ এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন চিফ হুইপ। এদিন বেতাগী পৌরসভার উদ্যোগে নির্মিত পৌর পাঠাগার উদ্বোধনের পাশাপাশি উপজেলা বিএনপির কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর।

১৯ অক্টোবর সোমবার পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক স্থানীয় পর্যায়ের পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন নুরুল ইসলাম মনি। পরে কাঠালতলী ইউনিয়নের কেরাতপুর বাজারসংলগ্ন খাল খননকাজ পরিদর্শন ও উদ্বোধন করবেন তিনি। এদিন বামনায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে বরগুনা সার্কিট হাউসে ফিরবেন চিফ হুইপ।

২০ অক্টোবর মঙ্গলবার পাথরঘাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং জেলে পরিবার ও মৎস্যজীবীদের মধ্যে চেক ও ত্রাণসহায়তা বিতরণের কর্মসূচি রয়েছে তাঁর। কর্মসূচি শেষে বরগুনা সার্কিট হাউসে রাতযাপন করবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, ২১ অক্টোবর বুধবার বরিশালে জাতীয়তাবাদী জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন চিফ হুইপ। সম্মেলন শেষে জাতীয় সংসদ ভবনের বাসভবনের উদ্দেশে তাঁর রওনা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০২:২৭ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ