গোপালগঞ্জে সুদের টাকা উসুলে কৃষকের গরু নিয়ে যাওয়ার অভিযোগ

হোম » ঢাকা » গোপালগঞ্জে সুদের টাকা উসুলে কৃষকের গরু নিয়ে যাওয়ার অভিযোগ
বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২৬


 

গোপালগঞ্জে সুদের টাকা উসুলে কৃষকের গরু নিয়ে যাওয়ার অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

সুদের টাকা পরিশোধ করতে না পারায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক কৃষকের গোয়ালঘর থেকে তিনটি গরু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক মহাজনের বিরুদ্ধে।

 

বুধবার (২২ এপ্রিল) রাতে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের আট্টরাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক আলতাফ হোসেন গাজী জানান, প্রায় আট বছর আগে মেয়েকে বিদেশে পাঠাতে প্রতিবেশী আবুল হোসেন গাজীর কাছ থেকে ৩৫ হাজার টাকা সুদে নেন। শর্ত অনুযায়ী প্রতি বছর ১৭ মণ ধান সুদ দিতে হতো। প্রথম বছরে তিনি ১৬ মণ ধান পরিশোধ করেন। পরবর্তীতে মেয়ের অসুস্থতার কারণে নিয়মিত পরিশোধ করতে না পারায় চক্রবৃদ্ধি হারে সুদ বাড়তে থাকে।

 

তিনি জানান, এ পর্যন্ত তিনি ধান ও নগদ মিলিয়ে প্রায় তিন লাখ ছয় হাজার টাকা পরিশোধ করেছেন। এর মধ্যে এক কিস্তিতে ৮৫ হাজার টাকা, দ্বিতীয় কিস্তিতে ৫৫ হাজার টাকা, তৃতীয় কিস্তিতে ১ লাখ টাকা এবং পরে আরও ৫০ হাজার টাকা দিয়েছেন। এরপরও মহাজন তার কাছে সাড়ে তিন লাখ টাকা পাওনা দাবি করছেন।

 

আলতাফ হোসেন গাজীর অভিযোগ, বুধবার রাতে আবুল হোসেন গাজী তার স্ত্রী-সন্তান নিয়ে বাড়িতে এসে টাকার জন্য চাপ প্রয়োগ ও গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি গোয়ালঘর থেকে একটি দুধের বাছুর ও দুটি বড় গরু নিয়ে যান।

 

অভিযুক্ত আবুল হোসেন গাজীকে বাড়িতে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ‘আমরা চার লাখ টাকা দিয়েছি। টাকা পরিশোধ না করায় গরু নিয়ে এসেছি।’

বাংলাদেশ সময়: ১৮:২৩:০৩ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ