নেছারাবাদে গলাকাটা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে গলাকাটা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
শুক্রবার ● ১৩ মার্চ ২০২৬


নেছারাবাদে গলাকাটা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদে গলাকাটা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) শেষ বিকেলে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের পূর্ব সারেংকাঠি গ্রামের মামুন মোল্লার ইটভাটার দক্ষিণ পাশে সন্ধ্যা নদী সংলগ্ন বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে পূর্ব সারেংকাঠি গ্রামের ২ নম্বর ওয়ার্ডে মামুন মোল্লার ইটভাটার দক্ষিণ-পশ্চিম কোণে সন্ধ্যা নদীর ধারে একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন ইটভাটার শ্রমিকরা। পরে তারা বিষয়টি নেছারাবাদ থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তি পুরুষ এবং তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে মাথা শরীর থেকে বিচ্ছিন্ন থাকায় স্থানীয় কেউই তার পরিচয় শনাক্ত করতে পারেননি।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

তিনি জানান, ঘটনাটির রহস্য উদ্ঘাটনে ইটভাটার সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেছারাবাদ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাবিহা মেহেবুবা।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৪:৩৭ ● ৯৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ