
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি বলেছেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, শিক্ষা, সামাজিক ও ভৌত অবকাঠামোর উন্নয়ন কার্যক্রম যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয়, তার জন্য সকলের অংশগ্রহণ অপরিহার্য। দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে কাজ সম্পন্ন করতে হবে এবং বছরের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। সরকারি কর্মচারীদের সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকার নির্দেশও দেন তিনি।
মন্ত্রী সোমবার (০৯ মার্চ) দুপুরে নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণের স্পষ্ট নির্দেশ দিয়েছেন। জনগণের আশা পূরণে প্রশাসনকে ভয়ভীতির ঊর্ধ্বে থেকে এসব সমস্যা নিয়ন্ত্রণে কাজ করতে হবে। তিনি আরও জানান, তার নামে কেউ অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না এবং প্রয়োজনে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করা যাবে।
প্রতিমন্ত্রী অবহেলিত নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলাকে একটি উন্নত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। নির্বাচনে দেওয়া ইশতেহার অনুযায়ী উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার কথাও তিনি উল্লেখ করেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত। এ সময় উপস্থিত ছিলেন নেছারাবাদ সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ, পিরোজপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুস সাকিব সৌরভ, স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী মো. কামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবদুল্লাহ আল বেরুনী সৈকত, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন তালুকদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সরকারি কর্মকর্তা।
এর আগে প্রতিমন্ত্রী উপজেলার ঝুঁকিপূর্ণ নাপিতখালী ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন, স্বরূপকাঠি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ও সাইক্লোন শেল্টারের নতুন ভবনের উদ্বোধন এবং প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।
একই দিনে বিকেলে প্রতিমন্ত্রী সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নেছারাবাদ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন।