ছাগল এখন কলাপাড়া থানায়…

হোম পেজ » পটুয়াখালী » ছাগল এখন কলাপাড়া থানায়…
রবিবার ● ৮ মার্চ ২০২৬


 

ছাগল এখন থানায়…

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিবেশীর পালিত গবাদিপশুর উৎপাতে অতিষ্ঠ হয়ে একটি ছাগল ধরে থানায় নিয়ে গেছেন এক কৃষক। রবিবার দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেলে করে কোলে একটি ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির হন ভুক্তভোগী কৃষক আলাউদ্দিন হাওলাদার।

 

পরে তিনি প্রতিবেশী রফিক হাওলাদারের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং ছাগলটি থানায় সুপার্দ করেন। বিষয়টি প্রথমে হাস্যকর মনে হলেও পরে অভিযোগের বিস্তারিত থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে গবাদিপশুর কারণে তার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

 

উপজেলার টিয়াখালী ইউনিয়নের টিয়াখালী গ্রামের প্রান্তিক কৃষক ও খামারি আলাউদ্দিন হাওলাদার চলতি মৌসুমে কয়েকটি জমিতে রবিশস্যের আবাদ করেছেন। কিন্তু প্রতিবেশী রফিক হাওলাদারের পালিত গরু, ভেড়া ও ছাগল প্রায়ই তার খেতে ঢুকে ফসল নষ্ট করে বলে অভিযোগ করেন তিনি।

 

আলাউদ্দিন হাওলাদার জানান, গত শনিবার দুপুরেও এক পাল ভেড়া ও ছাগল তার তরমুজ ক্ষেতে ঢুকে প্রায় ৩০ শতক জমির ফসল নষ্ট করে। গত এক মাস ধরে এসব গবাদিপশু তার খেতে ঢুকে ক্ষতি করছে। এতে তার অন্তত দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

 

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার প্রতিবেশী রফিক হাওলাদারকে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি। বাধ্য হয়ে শনিবার একটি ছাগল আটক করেন। পরে একাধিকবার জানানো হলেও তিনি খোঁজ নিতে আসেননি। তাই বিষয়টির সমাধান চেয়ে রবিবার ছাগলটি নিয়ে থানায় আসেন।

 

এ বিষয়ে কলাপাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক রাসেল জানান, অভিযোগ পাওয়ার পর রফিক হাওলাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। থানায় পশু রাখার ব্যবস্থা না থাকায় স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে যোগাযোগ করে ছাগলটি আলাউদ্দিনের জিম্মাতেই রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:৩২:০১ ● ৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ