গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হলেন আহমদ সোহেল মনজুর সুমন

হোম পেজ » পিরোজপুর » গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হলেন আহমদ সোহেল মনজুর সুমন
মঙ্গলবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৬


 

আহমদ সোহেল মনজুর সুমন

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমদ সোহেল মনজুর সুমন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হন। দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই পিরোজপুর জেলায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান।

 

বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর নতুন সরকার ও মন্ত্রিসভা গঠনকে ঘিরে দক্ষিণাঞ্চলে আলোচনা চলছিল। পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া, নেছারাবাদ) আসন থেকে ধানের শীষ প্রতীকে বিজয়ী এই সংসদ সদস্যকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় নেতাকর্মীরা।

 

দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের একাংশের প্রত্যাশা, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে পিরোজপুরের অবকাঠামো, শিক্ষা ও অর্থনৈতিক খাতে উন্নয়ন কার্যক্রমে গতি আসবে।

 

এদিকে প্রতিমন্ত্রী হওয়ার খবরে উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যেও সন্তোষ প্রকাশের খবর পাওয়া গেছে। তারা সর্বক্ষেত্রে উন্নয়ন প্রত্যাশা করছেন।

 

স্বরূপকাঠী পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন বলেন, তিনি সাবেক মন্ত্রী নুরুল ইসলাম মনজুরের ছেলে এবং একজন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তার শিক্ষাদীক্ষা ও পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তির কারণেই তিনি মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। এতে দেশ যেমন উপকৃত হবে, তেমনি মন্ত্রিসভাও আরও কার্যকর হবে।

 

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আহমদ সোহেল মনজুর সুমন বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী শামিম সাঈদীকে পরাজিত করে নির্বাচিত হন। স্থানীয়দের মতে, তার এ বিজয় পিরোজপুরের রাজনীতিতে নতুন সম্ভাবনার সূচনা করেছে।

বাংলাদেশ সময়: ১৮:৪৩:১১ ● ৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ