তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিলেন জহির উদ্দিন স্বপন

হোম পেজ » লিড নিউজ » তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিলেন জহির উদ্দিন স্বপন
মঙ্গলবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৬


 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিলেন জহির উদ্দিন স্বপন

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া ও গৌরনদী (বরিশাল) 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বরিশাল-১ আসনের (গৌরনদী-আগৈলঝাড়া) তিনবারের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে তিনি শপথ বাক্য পাঠ করেন। দীর্ঘ ৩৭ বছর পর বরিশাল-১ আসনে মন্ত্রীত্ব ফিরে এলো।

 

জহির উদ্দিন স্বপন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আবুল হাসনাত আব্দুল্লাহকে পরাজিত করে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

 

বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের শরিকল গ্রামে ১৯৬০ সালের ২৯ জুন জন্মগ্রহণ করেন জহির উদ্দিন স্বপন। তার পিতা একেএম মহিউদ্দিন ও মাতা নুরজাহান বেগম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

 

এদিকে, ১৯৮৯ সালে এ আসন থেকে মন্ত্রী ছিলেন সুনীল কুমার গুপ্ত। এরপর দীর্ঘ সময় কেউ এ আসন থেকে মন্ত্রী হননি। জহির উদ্দিন স্বপন মন্ত্রী হওয়ায় তার নির্বাচনী এলাকায় আনন্দের বন্যা বইছে। সাধারণ ভোটাররা আশা করছেন, তার হাত ধরে এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ হবে।

বাংলাদেশ সময়: ১৭:২৯:৩৫ ● ৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ