সকালে দীর্ঘ লাইন, দুপুরে কেন্দ্র ফাঁকা- আগৈলঝাড়ায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন

হোম পেজ » বরিশাল » সকালে দীর্ঘ লাইন, দুপুরে কেন্দ্র ফাঁকা- আগৈলঝাড়ায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন
বৃহস্পতিবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৬


 

সকালে দীর্ঘ লাইন, দুপুরে কেন্দ্র ফাঁকা- আগৈলঝাড়ায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বরিশাল-১ আসনের আগৈলঝাড়ায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হলেও সকাল ৭টার দিক থেকেই বিভিন্ন কেন্দ্রে নারী-পুরুষসহ নানা বয়সী ভোটারদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি কমে যায় এবং দুপুরের দিকে একাধিক কেন্দ্র প্রায় ফাঁকা দেখা গেছে।

 

সকাল ৮টা ৩০ মিনিটে রাজিহার মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তুলনামূলক কম উপস্থিতি লক্ষ্য করা যায়। আস্কর মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে কন্ট্রোলরুমে তথ্য পাঠানোর কারণে প্রায় ২০ মিনিট ভোটগ্রহণ সাময়িক বন্ধ ছিল বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা ৯০ বছরের প্রেমলতা সরকার ও রুপমালা দাস বলেন, কষ্ট হলেও অন্যের সহযোগিতায় ভোট দিতে এসে খুশি হয়েছেন। কোনো চাপ বা তাড়াহুড়া ছিল না। মহিলা ভোটার আমেনা বেগম বলেন, নিরাপদ পরিবেশ পেয়েই কেন্দ্রে এসেছেন এবং লাইনে দাঁড়িয়ে সুন্দর পরিবেশে ভোট দিতে পেরেছেন।

 

ভোটকেন্দ্রের ভেতর ও বাইরে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। কোথাও কোনো জটিলতা দেখা দিলে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা সমন্বিতভাবে তা সমাধান করেছেন। কেন্দ্রসংলগ্ন এলাকায় টহল জোরদার রাখা হয় এবং অপ্রয়োজনীয় জটলা এড়াতে তৎপরতা দেখা গেছে। বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক জানান, সার্বিক পরিস্থিতি ভালো ছিল এবং বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এরপর শুরু হবে ভোট গণনা।

 

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, আগৈলঝাড়ায় ৬০টি ভোটকেন্দ্রের ৩৪১টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সব ভোটকক্ষ সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়। সব মিলিয়ে শান্ত ও নিয়ন্ত্রিত পরিবেশেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:০৫:৫৫ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ