তদন্ত দাবি বরগুনার তালতলীতে নির্বাচনী প্রচারণায় সরকারী প্রাথমিকের শিক্ষক

হোম পেজ » বরগুনা » তদন্ত দাবি বরগুনার তালতলীতে নির্বাচনী প্রচারণায় সরকারী প্রাথমিকের শিক্ষক
সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬


 

তদন্ত দাবি বরগুনার তালতলীতে সরকারী প্রাথমিকের শিক্ষক নির্বাচনী প্রচারণায়

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

তালতলী উপজেলার কচুপাত্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবিএম জাকারিয়া রবিবার বরগুনা-১ আসনের বিএনপি প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লার জনসভায় মিছিল ও সভা উপস্থাপনায় অংশ নেন। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং তদন্ত সাপেক্ষে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সেখানকার সচেতন ভোটাররা।

 

জানা গেছে, হুলাটানা গ্রামের মৃত্যু সেকান্দার আলী হাওলাদারের ছেলে এবিএম জাকারিয়া সরকারী সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে তিনি প্রকাশ্যে বিএনপি প্রার্থীর জনসভা, সমাবেশ ও মিছিলে অংশ নিচ্ছেন। নির্বাচন কমিশনের পরিপত্রে সরকারি চাকুরিজীবীরা রাজনৈতিক জনসভা ও সমাবেশে অংশ নিতে পারবেন না।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাকারিয়া মঞ্চের সামনেই হাজার হাজার বিএনপি কর্মী ও সমর্থকের সামনে মিছিল ও সমাবেশে অংশ নিয়েছেন।

 

এ বিষয়ে জাকারিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পর ফোন কেটে দেন।

 

তালতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল বাশার সাগরকন্যাকে বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। জাকারিয়ার বিষয়ে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম বলেন, সরকারি চাকুরিজীবিরা কোন প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। অভিযোগ পেলে বিধিমতো ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:২৩:২৩ ● ৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ