বাংলাদেশের শ্রমিক আন্দোলন ও অভ্যন্তরীণ পরিস্থিতিতে নজর রাখছে ভারত

হোম » বিশ্ব » বাংলাদেশের শ্রমিক আন্দোলন ও অভ্যন্তরীণ পরিস্থিতিতে নজর রাখছে ভারত
মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬


ফাইল ছবিসাগরকন্যা ইন্টারন্যাশনাল ডেস্ক

 

বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি, বিশেষ করে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত। একই সঙ্গে সীমান্ত অতিক্রমকারী নদীর পানি বণ্টন এবং উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক কূটনৈতিক সফরের বিষয়ে বিদ্যমান দ্বিপাক্ষিক কাঠামোর ওপর গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন।

 

ঢাকায় সাম্প্রতিক পোশাকশ্রমিকদের বিক্ষোভ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক’ সম্পর্ক বজায় রাখার বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরেন।

 

রণধীর জয়সওয়াল বলেন, আমরা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সেখানে বেশ কিছু ঘটনা ঘটেছে এবং আমরা সেসব ঘটনার দিকে নজর রাখছি। ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমরা একটি ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে চাই।

 

দুই দেশের অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা, বিশেষ করে গঙ্গার পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যৌথ নদীগুলো নিয়ে আলোচনা নির্ধারিত দ্বিপাক্ষিক কাঠামোর মাধ্যমেই এগিয়ে নেওয়া হবে।

 

তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে একটি যৌথ নদী কমিশন রয়েছে। গঙ্গাসহ সব সীমান্ত অতিক্রমকারী নদী নিয়ে আলোচনার আনুষ্ঠানিক কাঠামো এটিই।

 

এদিকে, দুই দেশের মধ্যে সম্ভাব্য উচ্চপর্যায়ের কূটনৈতিক সফরের বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানানোর বিষয়টি স্মরণ করিয়ে দেন জয়সওয়াল।

 

তিনি বলেন, আমরা ইতোমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছি। এ বিষয়ে নতুন কোনো তথ্য থাকলে পরবর্তী সময়ে জানানো হবে।

 

বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন মঙ্গলবার চতুর্থ দিনে গড়িয়েছে। এমন পরিস্থিতিতে শ্রমিকদের বিক্ষোভসহ দেশের সামগ্রিক পরিস্থিতির ওপর ভারতের নজর রাখার বিষয়টি সামনে আনলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

বাংলাদেশ সময়: ২১:৩০:২৪ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ