
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি দুই দিন। বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা আমতলী পৌর ঈদগাহ মাঠে এবং হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মো. মাহমুদুল হাসান অলিউল্লাহ তালতলী শহরের ছালেহিয়া মাদ্রাসা মাঠে জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমতলী ও তালতলীতে প্রচারণা শেষ করেছেন। রবিবার রাতের এ দুই জনসভায় হাজার হাজার কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। এখন চলছে সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা।
জানা গেছে, বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বিএনপির মো. নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. মাহমুদুল হাসান অলিউল্লাহ, ১০ দলীয় জোটের অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন ও জাতীয় পার্টি-জেপির জামাল হোসাইন। তিনটি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৪৫৯ জন। এর মধ্যে আমতলীতে ১ লাখ ৮৪ হাজার ৮৪৮, তালতলীতে ৮৭ হাজার ২০ এবং বরগুনা সদরে ২ লাখ ৪৭ হাজার ৫৯১ জন ভোটার রয়েছেন।
রবিবারের দুই জনসভায় উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। দুই প্রার্থীর পুরুষ সমর্থকের উপস্থিতি ছিল প্রায় সমান। তবে সাধারণ ভোটারদের ধারণা, নারী ভোটারদের উপস্থিতি বেশি হলে ফলাফলে বড় প্রভাব পড়তে পারে। আমতলী ও তালতলী উপজেলায় মোট ২ লাখ ৭১ হাজার ৮৬৮ ভোটার রয়েছেন। এর মধ্যে আমতলীতে ৯১ হাজার ৮৭২ এবং তালতলীতে ৪৩ হাজার ২৭৫ জন নারী ভোটার। এই দুই উপজেলার নারী ভোটারদের উপস্থিতিই আসনের সমীকরণ পাল্টে দিতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মো. মাহমুদুল হাসান অলিউল্লাহ বলেন, বিজয়ী হলে অবহেলিত বরগুনাকে মডেল জেলায় উন্নীত করা হবে।
বিএনপির প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে বলেন, আগামী প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। বিজয়ী হলে আমতলী-তালতলী ও বরগুনার উন্নয়ন ঘটানো হবে।