
সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভুইয়া লুটুল নির্বাচন সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের লঞ্চঘাট সংলগ্ন তার নির্বাচনী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে তিনি বলেন, উপজেলা নির্বাচন থেকে এখন পর্যন্ত তিনি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নন এবং অন্যায়কে প্রশ্রয় দেন না। নির্বাচন পর্যন্ত সাংবাদিকদের ক্যামেরা সজাগ রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করতে হবে। একই সঙ্গে উপস্থিত সাংবাদিকদের কাছে ভোটও প্রার্থনা করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, গোপালগঞ্জ-২ আসনে এখনো কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়নি। ভবিষ্যতে এমন কোনো কেন্দ্র শনাক্ত হলে তা জানানো হবে। এছাড়া নির্বাচনী প্রচারে ব্যানার-পোস্টার বা প্রচারণায় এখন পর্যন্ত কোনো বাধার সম্মুখীন হননি বলেও জানান তিনি।
এ সময় যমুনা টেলিভিশনের গোপালগঞ্জ প্রতিনিধি মোজাম্মেল হোসেন মুন্না, যুগান্তরের প্রতিনিধি হুমায়ুন কবির, সময় টিভির জয়ন্ত শেরালী, এটিএন বাংলার চৌধুরী হাসান মাহমুদ, মাই টিভির আরিফুল হক আরিফ, গ্লোবাল টেলিভিশনের হেমন্ত বিশ্বাস, বৈশাখী টিভির মোস্তফা জামান, প্রথম আলোর নতুন শেখ, চ্যানেল টুয়েন্টিফোরের বাদল সাহা, আরটিভির আব্দুল্লাহ আল মামুন, একাত্তরের আজিজুল ইসলাম রনি, কালের কণ্ঠের প্রসূন মণ্ডলসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী লুটুল ভুইয়ার নির্বাচনী নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।