
সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক জনসভায় দলটির আমীর চরমোনাই পীর মুফতি মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশ ও জাতির কল্যাণে ভালো মানুষ, ভালো নেতা ও সঠিক নীতি প্রয়োজন। তিনি হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ডা. রুস্তম আলী ফরাজীকে বিজয়ী করার আহ্বান জানান।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় মঠবাড়িয়ার শহীদ মোস্তফা খেলার মাঠে জনসভা শুরু হয়। বিকাল থেকেই মাঠ ও আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। সন্ধ্যা ৭টার পর জনসভাস্থলে উপস্থিত হন পীর সাহেব চরমোনাই।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ ও জাতির জন্য ভালো মানুষ দরকার, ভালো নেতা চাই, ভালো নীতি চাই।
তিনি ন্যায়, সততা ও ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, ভোট কেবল আনুষ্ঠানিকতা নয়- এটি মানুষের অধিকার এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের হাতিয়ার।
বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও চারবারের সাবেক সাংসদ ডা. রুস্তম আলী ফরাজী বলেন, আমি জনগণের অধিকার, ন্যায় ও ইনসাফের পক্ষে শেষ পর্যন্ত লড়াই করে যাব।
তিনি জানান, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা এবং ইসলামী আদর্শে রাষ্ট্র পরিচালনায় কাজ করবেন। পাশাপাশি মাদক, সন্ত্রাস, ঘুষ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার করেন। সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানে প্রত্যেক ঘরে দুটি ড্রাম সরবরাহের প্রতিশ্রুতিও দেন তিনি।
জনসভায় দলের কেন্দ্রীয়, জেলা ও মঠবাড়িয়া শাখার নেতারা বক্তব্য রাখেন এবং হাতপাখা প্রতীকের পক্ষে জনসমর্থন বৃদ্ধির আহ্বান জানান। সভাস্থলে স্লোগান ও করতালিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ জনসভা পিরোজপুর-৩ আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।