
সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক পুলিশ সদস্যসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় মিরাজুল ইসলামের টিনশেড বাড়িতে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন বরিশাল বিমানবন্দর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন, বাড়ির মালিক মিরাজুল ইসলাম, নাহিদ হাসান (২৬) ও ফাতেমা আক্তার নুরতাজ (৩০)।
ডিএনসি ও স্থানীয় সূত্র জানায়, পরিদর্শক মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে ডিএনসির একটি দল ভোরে মিরাজুলের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িটি ঘিরে ফেলে ভেতরে থাকা ব্যক্তিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। কয়েকজন পালানোর চেষ্টা করলে একপর্যায়ে এএসআই দেলোয়ার হোসেন টিনের অংশ ভেঙে বাইরে লাফ দেন। কাদামাটিতে পড়ে গেলে তাকে আটক করতে গিয়ে ডিএনসি সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে মিরাজুলসহ চারজনকে আটক করা হয়।
ডিএনসি জানিয়েছে, অভিযানের সময় বাড়িতে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। তবে কোনো বড় মাদকের চালান বা উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য পাওয়া যায়নি।
পরে ঘটনাস্থলে বিমানবন্দর থানার পরিদর্শক শাহাবুদ্দিন উপস্থিত হলে আটক এএসআই দেলোয়ার হোসেনকে তার কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে থানা পুলিশ।
অপর তিনজনের ডোপ টেস্ট শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডিএনসির পরিদর্শক মো. জাহিদুল ইসলাম।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মিরাজুল ইসলামের কোনো দলীয় পদ না থাকলেও তিনি নিজেকে স্বেচ্ছাসেবক দলের নেতা হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করতেন। তার বিরুদ্ধে মাদক কারবার ও স্থানীয় লোকজনকে হয়রানির অভিযোগ রয়েছে বলেও তারা দাবি করেন। এ ছাড়া এএসআই দেলোয়ার হোসেনের সঙ্গে মিরাজুলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও স্থানীয়রা জানান।