
সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি
ঝালকাঠির রাজাপুরে গ্রামীণ সড়কের বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু। শুক্তাগড় ইউনিয়নে পরিদর্শন করা সড়কগুলোর অবস্থা নিয়ে ক্ষোভ জানিয়ে তিনি বলেছেন, দেশের অন্য কোনো উপজেলায় এতটা খারাপ সড়ক পরিস্থিতি তিনি দেখেননি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে শুক্তাগড় ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গ্রামীণ সড়ক পরিদর্শন করেন ডা. মাহমুদা আলম মিতু। পরে মঠবাড়ী ইউনিয়নের বিষখালী নদীসংলগ্ন বাদুরতলা গ্রামের ভেঙে যাওয়া বেড়িবাঁধ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে সড়কের বর্তমান অবস্থা, নদীভাঙন ও বেড়িবাঁধের ক্ষয়ক্ষতি ঘুরে দেখেন সংসদ সদস্য। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ ও বিভিন্ন সমস্যার কথা শোনেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে গ্রামীণ সড়কগুলোর বেহাল অবস্থার কারণে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। অন্যদিকে বিষখালী নদীর ভাঙনে বাদুরতলা এলাকার বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে। তারা সড়ক সংস্কার ও নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগের দাবি জানান।
ডা. মাহমুদা আলম মিতু বলেন, ‘ইনসাফের রাজনীতির নীতি অনুযায়ী যেসব এলাকার মানুষ বেশি সমস্যায় রয়েছেন, সেসব এলাকাকে অগ্রাধিকার দিয়ে পরিদর্শন করছি। নদীভাঙনকবলিত মানুষের দুর্ভোগ বেশি হওয়ায় তাদের সমস্যাগুলো সরেজমিনে দেখেছি।’
রাজাপুরের সড়কের অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘শুক্তাগড় ইউনিয়নে পরিদর্শন করা সড়কগুলোর অবস্থা অত্যন্ত খারাপ। আমার দেখা অনুযায়ী, দেশের কোনো উপজেলায় এতটা খারাপ সড়ক পরিস্থিতি দেখিনি।’
তিনি আরও বলেন, ‘ঝালকাঠি জেলায় চারজন সংসদ সদস্য রয়েছেন। তাই জেলার মানুষের জন্য কাজ করার সুযোগ রয়েছে। নদীভাঙন ও রাস্তাঘাটের অবস্থা সরেজমিনে দেখে পরবর্তী সময়ে এসব সমস্যা নিয়ে কাজ করার চেষ্টা করব। মানুষের চাওয়া-পাওয়া পূরণে কাজ করার নিয়ত রয়েছে এবং এ জন্য আল্লাহর সাহায্য চাইব।’
পরিদর্শনকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজাপুর উপজেলা শাখার আমির মাওলানা কবির হোসেন, উপজেলা এনসিপির আহ্বায়ক শাহরিয়ার শাকিলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।