
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ফেসবুকে দেওয়া একটি বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে দুবাইপ্রবাসী এক ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই প্রবাসীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে উপজেলার ইকড়ি ইউনিয়নের বেতাগী সিংখালী গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেতাগী সিংখালী এলাকার বাসিন্দা দুবাইপ্রবাসী মো. আজম খান (৫০)। দুবাই থেকে তিনি ফেসবুকে একটি বিতর্কিত পোস্ট দেওয়ার পর স্থানীয় একদল ব্যক্তি তার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। একপর্যায়ে হামলাকারীরা বাড়ির দোতলায় উঠে ভাঙচুর করে এবং সেখানে অগ্নিসংযোগ করে। এতে ঘরের বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার সময় বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভাণ্ডারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শুরু করে পুলিশ।
আজম খানের মা মোসা. মমতাজ বেগম বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় মামলা করেন। মামলায় ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩৫ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
মামলার পর পুলিশ অভিযান চালিয়ে আমির হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।