
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
‘ভূমি সেবার শুদ্ধতাই কমাতে পারে সামাজিক বিরোধ’- এই স্লোগানকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে জনসেবামূলক ও সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ‘সাপ্তাহিক বৃহস্পতিবার: জনগণের কাছে এসিল্যান্ডের জবাব’ শীর্ষক গণশুনানিতে নির্ধারিত কোনো শুনানি না থাকলেও ভূমি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সেবা প্রত্যাশীদের পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের অভিযোগ ও আপত্তি শোনা হয়।
এদিন পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভূমি-সংক্রান্ত জ্ঞান বৃদ্ধি এবং সরকারি ভূমি সেবা গ্রহণে সচেতন করতে জনউদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় শিক্ষার্থীদের ভূমি সেবার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং প্রয়োজনীয় তথ্য ও সেবা গ্রহণে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
এ ছাড়া পিঙ্গলাকাঠী বাজারে কিছুদিন আগে উদ্ধার করা সরকারি খাসজমির চান্দিনা ভিটিতে দোকান স্থাপনের জন্য স্থানীয়দের মতামতের ভিত্তিতে দুই ভিক্ষুককে নির্বাচিত করা হয়েছে। তাঁরা হলেন পিঙ্গলাকাঠী এলাকার মোঃ মনির সরদার ও কুতুপুর এলাকার মোঃ মজিবর সরদার।
ভিক্ষাবৃত্তি ছেড়ে তাঁদের কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করতে স্থানীয়দের সহযোগিতায় সেখানে দোকানঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান বলেন, ‘ভিক্ষাবৃত্তি থেকে তাঁদের ফিরিয়ে এনে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।’
এদিকে ডেঙ্গু প্রতিরোধে পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে পরিচালিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার বিষয়ে উৎসাহিত করেন তিনি।