সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
শুধু রাজনৈতিক দল গঠন কিংবা রাষ্ট্রক্ষমতায় থাকলেই ক্ষমতা ধরে রাখা যায় না। দীর্ঘদিন টিকে থাকতে হলে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, দল করলেই ক্ষমতায় থাকা যায় না। তার প্রমাণ শেখ হাসিনা। তিনি শুধু দলই করেননি, রাষ্ট্রকেও দলের অঙ্গ বানিয়ে ছেড়েছিলেন। বিভিন্ন বাহিনীকে দলের অঙ্গ বানিয়েছিলেন এবং গণমাধ্যমকে কিনে ফেলেছিলেন। তারপরও ক্ষমতায় টিকে থাকতে পারেননি। কারণ, যে দল জনগণের রাজনীতি করে না, সেই দল কখনো জনগণের মণিকোঠায় স্থান পেতে পারে না।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার গোলাম মাহবুব চত্বরে অবস্থিত শহীদ মিনারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি, আদর্শ ও দর্শন সম্পর্কে প্রত্যেক নেতাকর্মীকে স্পষ্ট ধারণা রাখতে হবে। দলের যোগ্য নেতাদের উচিত সহকর্মীদের রাজনৈতিক আদর্শ, দর্শন ও ইতিহাস শেখানোর জন্য সময় দেওয়া।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলের কাজ শুধু ক্ষমতায় যাওয়া নয়। সরকার গঠন করে কেবল গম-চালের তৎপরতার মধ্যে নিজেদের কর্মকাণ্ড সীমাবদ্ধ রাখলেও চলবে না। দীর্ঘদিন টিকে থাকতে হলে দলের নিজস্ব রাজনৈতিক আদর্শ, দর্শন ও সাংগঠনিক শক্তিকে সুসংহত করতে হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান মুকুল খান, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু, যুগ্ম আহ্বায়ক মো. শামীম খলিফা, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরিফ ও সদস্য সচিব শফিকুর রহমান শরিফ স্বপনসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।