
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনা সদর ও আমতলী উপজেলার ১৫টি মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে বরগুনা সদর উপজেলার ৯টি এবং আমতলী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ রয়েছে। নিয়োগ পাওয়া প্রশাসকেরা দায়িত্ব গ্রহণের তারিখ থেকে সর্বোচ্চ ১২০ দিন দায়িত্ব পালন করতে পারবেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার উপসচিব বিষ্ণুপদ পাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ না হওয়ায় সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়নি। একইভাবে আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ না হওয়ায় সেখানেও প্রশাসক নিয়োগ করা হয়নি।
বরগুনা সদরের ৯ ইউনিয়নে প্রশাসক
১ নম্বর বদরখালী ইউনিয়ন পরিষদে প্রশাসক করা হয়েছে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনারকে। ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নে উপজেলা সমবায় কর্মকর্তা মো. এমাদুল হক, ৩ নম্বর ফুলঝুড়ি ইউনিয়নে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিথী দেবনাথ, ৪ নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়নে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নিয়াজ মাখদুম, ৫ নম্বর আয়লাপাতাকাটা ইউনিয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজ লায়লা জেরিনা আক্তার এবং ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হেমায়েত উদ্দীনকে প্রশাসক করা হয়েছে।
এ ছাড়া ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, ৮ নম্বর বরগুনা ইউনিয়নে উপজেলা আইসিটি কর্মকর্তা মো. ফাইজুল হক আরিফ এবং ১০ নম্বর নলটোনা ইউনিয়নে জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মিজ দোলা মল্লিককে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
আমতলীর ৬ ইউনিয়নে প্রশাসক
আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন পরিষদে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. ইদ্রিস আলী, কুকুয়া ইউনিয়নে উপজেলা সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান, আঠারগাছিয়া ইউনিয়নে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ফিরোজ আলম, হলদিয়া ইউনিয়নে উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল হক, চাওড়া ইউনিয়নে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেলকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১৮ ধারা অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোর দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য এসব প্রশাসক নিয়োগে প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।
প্রশাসকদের দায়িত্ব পালনের বিষয়ে প্রজ্ঞাপনে দুটি শর্ত দেওয়া হয়েছে। প্রথমত, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০২৪-এর ১৮(১) ধারা অনুযায়ী নিয়োগের তারিখ থেকে তারা এক মেয়াদে সর্বোচ্চ ১২০ দিন দায়িত্ব পালন করতে পারবেন। দ্বিতীয়ত, কোনো দৈব-দুর্বিপাক, অতিমারি বা মহামারির কারণে আইন অনুযায়ী নির্বাচিত পরিষদ গঠন সম্ভব না হলে মেয়াদ বাড়ানোর কারণ যথাযথভাবে উল্লেখ করে সরকারের অনুমতি নিতে হবে।
বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৮ আগস্ট জেলা প্রশাসক মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোর তালিকা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠান। এর পরিপ্রেক্ষিতেই এসব ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।