সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন, এমন ঘোষণা দিয়ে বরগুনা পৌর শহরে মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচির কথা প্রচার করতে দেখা যায়। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। তবে মাইকিংয়ের ঘটনা অস্বীকার করে পুলিশ বলছে, ভিডিওটি সম্পাদনা করে গুজব ছড়ানো হয়ে থাকতে পারে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে ছড়িয়ে পড়া ভিডিওতে এক ব্যক্তিকে বরগুনাবাসীর উদ্দেশে মাইকিং করতে দেখা যায়। ওই ব্যক্তি নিজেকে নিষিদ্ধ ঘোষিত বরগুনা জেলা ছাত্রলীগের সদস্য মহিউদ্দিন আহমেদ দোলন বলে পরিচয় দেন।
ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, আগামী ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। এ খবর সবার মধ্যে ছড়িয়ে দেন। প্রত্যাবর্তন নির্বিঘ্ন করতে সবাই প্রস্তুতি নেন। এ সময় বরগুনা জেলা ছাত্রলীগের নামও প্রচার করা হয়।
বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ভিডিওটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘বরগুনা জেলা ছাত্রলীগের সদস্য মহিউদ্দিন আহমেদ দোলনের উদ্যোগে বরগুনা পৌরসভার টাউন হল এলাকায় (মাইকিং) কর্মসূচি।’
এ বিষয়ে রেজাউল কবির রেজা বলেন, আগামী ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন। তাঁর প্রত্যাবর্তন নির্বিঘ্ন করতে বরগুনা জেলা ছাত্রলীগসহ সারা দেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। এরই অংশ হিসেবে শুক্রবার (৬ নভেম্বর) বরগুনার টাউন হল এলাকায় মাইকিং করা হয়েছে।
তবে মাইকিংয়ের ঘটনা অস্বীকার করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ।
তিনি বলেন, ভিডিওটির কথা আমিও শুনেছি। তবে টাউন হল এলাকায় খোঁজখবর নিয়ে এ ধরনের কোনো ঘটনার তথ্য পাইনি। আমার কাছে মনে হচ্ছে, অন্য কোনো মাইকিংয়ের ভিডিওর সঙ্গে আলাদাভাবে শব্দ সংযুক্ত করে এটি ছড়িয়ে দেওয়া হয়েছে। বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।