
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমণে এসে মোটরচালিত ভ্যান উল্টে নাবিলা নুসরাত (৩২) নামে এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্বামী ডা. মাইনুল ইসলাম শুভ।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুয়াকাটার মিশ্রীপাড়া বৌদ্ধবিহার পরিদর্শনে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাবিলা নুসরাত রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। আহত ডা. মাইনুল ইসলাম শুভ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত বলে জানিয়েছেন।
ডা. মাইনুল ইসলাম শুভর ভাষ্য, শুক্রবার তাঁরা ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে এসে ওশান ভিউ হোটেলে রাতযাপন করেন। শনিবার বিকেলে একটি মোটরচালিত ভ্যানে করে মিশ্রীপাড়া বৌদ্ধবিহার দেখতে যাওয়ার পথে মিশ্রীপাড়া সড়কে একটি বিড়াল ওই ভ্যানের চাকার নিচে পড়ে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি উল্টে যায়। এ সময় ভ্যানে থাকা তাঁরা দুজনসহ আরও দুই পর্যটক ছিটকে পড়েন।
তিনি বলেন, দুর্ঘটনায় তাঁর স্ত্রীর মাথা ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডা. মাইনুল আরও জানান, তাঁর স্ত্রী ৪২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন।
কলাপাড়া থানার পরিদর্শক (ভারপ্রাপ্ত) ইলিয়াস তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে। নিহতের সঙ্গে থাকা ব্যক্তি নিজেকে তাঁর স্বামী পরিচয় দিয়েছেন। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।