বরগুনায় শোভাযাত্রা ও সমাবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

হোম » বরগুনা » বরগুনায় শোভাযাত্রা ও সমাবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬


 

বরগুনায় শোভাযাত্রা ও সমাবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনায় শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা বিএনপি। শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়।

 

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সদস্যসচিব এস এম হুমায়ুন হাসান শাহীন, ফজলুল হক মাস্টার, কে এম সফিকুজ্জামান মাহফুজসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

 

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট-পরবর্তী সময়ে ধারাবাহিক সেনা অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের কারণে দেশে অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এমন পরিস্থিতিতে ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব দেশের রাজনৈতিক গতিপথে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। এদিন তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন।

 

তাঁরা আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এ দিনের চেতনা ধারণ করে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে।

 

সভাপতির বক্তব্যে মো. নজরুল ইসলাম মোল্লা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় দিন। সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

সমাবেশে জেলা বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদল, তাঁতী দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:০৫:২৫ ● ৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ