
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনার কয়রায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় রফিকুল ইসলাম (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর চৌরাস্তা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম ইসলামপুর চৌরাস্তা মোড়সংলগ্ন গোপিরায়ের বেড় এলাকার মৃত জামিল উদ্দিন সানার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাইকগাছা উপজেলার বাঁকা এলাকা থেকে কয়েকজন মোটরসাইকেলযোগে কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের কাছারীবাড়িতে অনুষ্ঠিত বৃক্ষ মেলা দেখতে যাচ্ছিলেন। পথে ইসলামপুর চৌরাস্তা মোড় এলাকায় দ্রুতগতিতে চলার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পার হওয়া রফিকুল ইসলামকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সুজিত কুমার বৈদ্য বলেন, রফিকুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
দুর্ঘটনায় আহতরা হলেন পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামের বিল্লাল গাজীর ছেলে মো. রায়হান গাজী, কাঠিপাড়া (বাঁকা) গ্রামের সন্দীপ মণ্ডলের ছেলে অন্তর মণ্ডল এবং একই এলাকার আজিজ সরদারের ছেলে মো. হৃদয় হোসেন। তারা কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরএ/এমআর