
সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম স্থান অর্জন করেছেন পটুয়াখালীর বাউফল উপজেলার সন্তান হাফেজ নূর উদ্দিন জাকারিয়া।
গত বুধবার সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে তাঁর আন্তর্জাতিক এই সাফল্যের খবর এলাকায় ছড়িয়ে পড়লে বাউফলের ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠী গ্রামে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
পরিবার সূত্রে জানা গেছে, বিশ্বের ১৩৩টি দেশের কয়েকশ প্রতিযোগীকে পেছনে ফেলে নিজ শাখায় প্রথম হওয়ার গৌরব অর্জন করেন নূর উদ্দিন। তাঁর বাবা মাওলানা নুরুল আমিন এবং মা ইয়ানুর বেগম। রাজধানীর একটি মাদ্রাসার হিফজ বিভাগে ভর্তি হয়ে তিনি পবিত্র কুরআনের সম্পূর্ণ অংশ মুখস্থ করেন। পরে আলিয়া ডিগ্রি অর্জনের জন্য ডেমরার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি হন। সেখানে অধ্যয়নরত অবস্থায় সৌদি আরবের এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেন তিনি।
হাফেজ নূর উদ্দিনের এই অর্জনে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এবং বাউফল উপজেলা প্রশাসন।
স্থানীয় বাসিন্দা হুজাইফা ইসলাম বলেন, ‘বিশ্বমঞ্চে নূর উদ্দিনের এই সাফল্য আমাদের অত্যন্ত আনন্দিত ও গর্বিত করেছে। সে দেশের তরুণদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। তার এই কৃতিত্ব নতুন প্রজন্মকে কুরআন শিক্ষা এবং আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণে উৎসাহিত করবে।’
ধুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, ‘হাফেজ নূর উদ্দিন আমাদের ইউনিয়নের গর্বিত সন্তান। তিনি বিশ্ব দরবারে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এই অর্জন শুধু ধুলিয়া বা বাউফলের জন্য নয়, পুরো বাংলাদেশের তরুণদের জন্যও বড় অনুপ্রেরণা।’