
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
সুন্দরবনের শাকবাড়িয়া ও আড়পাঙ্গাশিয়া নদীর মোহনায় পর্যটকবাহী একটি কাঠের ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। এ সময় নৌকায় থাকা ৯ জনই নদীতে পড়ে যান। পরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁদের জীবিত উদ্ধার করে নৌ পুলিশ।
নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় আংটিহারা নৌ পুলিশ ফাঁড়ির একটি টহল দল নদীতে দায়িত্ব পালন করছিল। ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
আংটিহারা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন জানান, সুন্দরবনের তীরবর্তী নদীতে নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার পর কয়েকজন সাঁতরে সুন্দরবনের তীরে ওঠেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উল্টে যাওয়া নৌকা ধরে নদীতে ভাসতে এবং অপর ছয়জনকে নদীর তীরে বনের দিকে গিয়ে গাছের ডাল আঁকড়ে ধরে ঝুলে থাকতে দেখে। পরে নৌ পুলিশ সদস্যরা দ্রুত তাঁদের উদ্ধার করেন। এ ঘটনায় কেউ হতাহত বা নিখোঁজ হননি।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- নাঈম হোসেন (২২), রাকিবুল হাসান (১৮), মো. আশিক (২৫), মো. পলাশ হোসেন (২৩), মো. শাহীন (২৫), ইমামুল হোসেন (২৫), মো. গালিব (২৫), মো. আবদুল্যাহ (২২) ও নৌকার মাঝি কিসমত আলী (৪৮)।
পুলিশকে পর্যটকেরা জানান, শুক্রবার বেলা আড়াইটার দিকে তাঁরা শ্যামনগরের নাপিতখালী এলাকা থেকে কয়রার আংটিহারা ও সুন্দরবনের আশপাশের এলাকা ঘুরতে নৌকায় রওনা হন। সুন্দরবন ভ্রমণ শেষে ফেরার পথে রাই নদীর ওই মোহনায় নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে।
কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কর্মকর্তা নাসির উদ্দীন জানান, নৌকাডুবির স্থানটি শাকবাড়িয়া ও আড়পাঙ্গাশিয়া নদীর মোহনা। ব্রিটিশ আমলের মানচিত্রে স্থানটি রাই নদ হিসেবে চিহ্নিত। নদটি লোকালয়ের পাশ দিয়ে প্রবাহিত হওয়ায় সেখানে নিয়মিত নৌযান চলাচল করে।