কাঁঠালিয়ায় সিগারেট এনে না দেওয়ায় চা দোকানি ও দুই ছেলেকে কুপিয়ে জখম

হোম » ঝালকাঠী » কাঁঠালিয়ায় সিগারেট এনে না দেওয়ায় চা দোকানি ও দুই ছেলেকে কুপিয়ে জখম
শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬


 

অন্য দোকান থেকে সিগারেট না আনায় বাবা ও দুই ছেলেকে কুপিয়ে জখম

সাগরকন্যা প্রতিবেদক, কাঁঠালিয়া (ঝালকাঠি)

 

ঝালকাঠির কাঁঠালিয়ায় অন্য দোকান থেকে সিগারেট এনে না দেওয়ায় সমির চন্দ্র চক্রবর্তী (৫৫) ও তাঁর দুই ছেলে শুভ চক্রবর্তী (২২) এবং লিখন চক্রবর্তী (১৮)কে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজা ফকির নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

 

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত তিনজনকে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত সমির চন্দ্র চক্রবর্তীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সমির চন্দ্র চক্রবর্তী দীর্ঘদিন ধরে কচুয়া বাজারে চায়ের দোকান চালিয়ে আসছেন। শুক্রবার দুপুরে একই এলাকার ফারুক ফকিরের ছেলে রাজা ফকির তাঁর দোকানে চা খেতে আসেন। চা খাওয়ার পর রাজা সিগারেট চান। সমির তাঁর দোকানে সিগারেট নেই জানালে রাজা অন্য দোকান থেকে সিগারেট এনে দিতে বলেন। এতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে রাজা সমিরকে মারধর করেন বলে অভিযোগ।

 

পরে সমির দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে বিষয়টি তাঁর দুই ছেলে শুভ ও লিখনকে জানান। এরপর তাঁরা তিনজন রাজার কাছে মারধরের কারণ জানতে চাইলে রাজা ক্ষিপ্ত হয়ে চাকু দিয়ে তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন বলে অভিযোগ।

 

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে সমির চন্দ্র চক্রবর্তীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান বলেন, এ ঘটনায় রাজা ফকির নামে একজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২১:৪০ ● ২২ বার পঠিত




আর্কাইভ